কান্নার শব্দ শুনে ৯৯৯-এ ফোন, উদ্ধার হলো নবজাতক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
কান্নার শব্দ শুনে ৯৯৯-এ ফোন, উদ্ধার হলো নবজাতক
রাজধানীর শাহ আলী থানার একটি সড়কের পাশ থেকে উদ্ধার হওয়া নবজাতক।

কালো পলিথিনের একটি ব্যাগ রাজধানীর শাহ আলী থানার একটি সড়কের পাশে পড়ে ছিল । সেখান থেকে ভেসে আসছিল নবজাতকের কান্নার শব্দ। ওই কান্নার শব্দ শুনতে পান এক পথচারী। তিনি দ্রুত জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন দেন। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। পলিথিনের ভেতর থেকে জীবিত উদ্ধার করা হয় চার থেকে পাঁচ দিন বয়সী একটি কন্যাশিশু।

শাহ আলী থানার ডি ব্লকের ৮ নম্বর সড়কের পাশ থেকে গতকাল বুধবার সন্ধ্যায় ফুটফুটে ওই নবজাতককে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

আজ বৃহস্পতিবার বিকেলে এ বিষয়ে ডিএমপির মিরপুর বিভাগের উপকমিশনার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার বলেন, নবজাতকটি এখন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগে চিকিৎসাধীন। পুলিশের দুই সদস্য সার্বক্ষণিক নবজাতকটির চিকিৎসার খোঁজখবর রাখছেন।

পুলিশ জানায়, নবজাতকের অবস্থা সংকটাপন্ন ছিল। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

/বিবি/