ধেয়ে আসছে প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’, আঘাত হানতে পারে কোথায়-কখন

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
ধেয়ে আসছে প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’, আঘাত হানতে পারে কোথায়-কখন
ঘূর্ণিঝড়। ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। অনুকূল পরিস্থিতি পেলে এটি আরও শক্তি সঞ্চয় করে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।

পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৮ অক্টোবর ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূলে আছড়ে পড়তে পারে ঝড়টি। ঘূর্ণিঝড়ে রূপ নিলে বাংলাদেশের দেওয়া নাম অনুসারে এর নাম হবে ‘অর্ণব’।

ভারতের আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, পূর্বমধ্য বঙ্গোপসাগর ও এর সংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে অবস্থানরত নিম্নচাপটি ২৫ অক্টোবরের মধ্যে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। এরপর পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ২৬ অক্টোবর সকালে ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার আশঙ্কা রয়েছে। পরদিন ২৭ অক্টোবর সকালে এটি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।

আবহাওয়াবিদেরা জানিয়েছেন, নিম্নচাপটির গতিপথ, গতিবেগ ও শক্তির পরিবর্তনের ওপর পরিস্থিতি নির্ভর করছে। তাই সম্ভাব্য ঘূর্ণিঝড়ের গতিবিধি নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে।

কোথায় আঘাত হানতে পারে ঘূর্ণিঝড়টি

পূর্বাভাস অনুযায়ী, ২৮ অক্টোবর সকালে ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূলে বাপটলা ও বিশাখাপত্তনমের মধ্যবর্তী এলাকায় ঘূর্ণিঝড়টি আঘাত হানতে পারে। উপকূলে আঘাতের সময় ঝড়টির কেন্দ্রে বাতাসের সর্বোচ্চ একটানা গতিবেগ ঘণ্টায় ১১৫ থেকে ১২৫ কিলোমিটার হতে পারে। দমকা হাওয়ার গতিবেগ ঘণ্টায় ১৪০ কিলোমিটার পর্যন্ত পৌঁছানোর আশঙ্কা রয়েছে।

সম্ভাব্য ঝড়ের প্রভাবে অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওডিশার উপকূলীয় এলাকাগুলোতে সতর্কতা জারি করা হয়েছে বলে ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে।

বাংলাদেশে কী প্রভাব পড়তে পারে

ঘূর্ণিঝড়টি সরাসরি বাংলাদেশের উপকূলে আঘাত হানার আশঙ্কা কম থাকলেও এর প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত বাড়তে পারে। বিশেষ করে ২৭ অক্টোবর থেকে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের উপকূলীয় এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরবর্তী সময়ে ২৯ অক্টোবর থেকে খুলনা, রাজশাহী ও রংপুর অঞ্চলেও বৃষ্টিপাত হতে পারে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর দেশের চার সমুদ্রবন্দরে ১ নম্বর দূরবর্তী সতর্কসংকেত দেখাতে বলেছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উত্তর বঙ্গোপসাগরে মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে গভীর সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

/এবি/