আদালতের রায়ে মেয়র, এবার চট্টগ্রাম সিটির প্রশাসক হলেন শাহাদাত

চট্টগ্রাম সংবাদদাতা
চট্টগ্রাম সংবাদদাতা
আদালতের রায়ে মেয়র, এবার চট্টগ্রাম সিটির প্রশাসক হলেন শাহাদাত
শাহাদাত হোসেন

আদালতের রায়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র হওয়া বিএনপি নেতা শাহাদাত হোসেনকে এবার চসিক প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন। রবিবার (২৫ অক্টোবর) স্থানীয় সরকার বিভাগের এক প্রজ্ঞাপনে তাকে চসিকের ‘পূর্ণকালীন প্রশাসক’ হিসেবে নিয়োগ দেওয়া হয়।

স্থানীয় সরকার বিভাগের উপসচিব জুয়েল রানা সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) (সংশোধন) আইন, ২০২৬-এর ধারা ৪ অনুযায়ী পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শাহাদাত হোসেন প্রশাসকের দায়িত্ব পালন করবেন। এ জন্য তিনি বিধি অনুযায়ী মাসিক সম্মানী ও অন্যান্য ভাতা পাবেন। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এর আগে, গত মার্চেও শাহাদাত হোসেনকে চসিকের পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগের প্রস্তাব তৈরি করেছিল স্থানীয় সরকার বিভাগ। তবে তখন এ বিষয়ে কোনো আদেশ জারি হয়নি। নির্বাচিত পরিষদের মেয়াদ শেষ হওয়া এবং মেয়র হিসেবে শাহাদাত হোসেনের দায়িত্ব পালনের মেয়াদ নিয়ে প্রশ্নের মধ্যে, এবার তাকে প্রশাসক নিয়োগ দেওয়া হলো।

যেভাবে মেয়র হন শাহাদাত

বিএনপি নেতা শাহাদাত হোসেন ২০২১ সালের ২৭ জানুয়ারি অনুষ্ঠিত চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। ওই নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী রেজাউল করিম চৌধুরী ৩ লাখ ৬৯ হাজার ২৪৮ ভোট পেয়ে বিজয়ী ঘোষিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শাহাদাত হোসেনের প্রাপ্ত ভোট দেখানো হয় ৫২ হাজার ৪৮৯।

তবে, নির্বাচনে ব্যাপক অনিয়ম ও কারচুপির অভিযোগ তুলে ফলাফল বাতিল চেয়ে ওই বছরের ২৪ ফেব্রুয়ারি নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা করেন শাহাদাত হোসেন। মামলায় তৎকালীন প্রধান নির্বাচন কমিশনারসহ নয়জনকে বিবাদী করা হয়।

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর রেজাউল করিম চৌধুরীকে মেয়রের পদ থেকে অপসারণ করা হয়। ওই বছরের ১৯ আগস্ট চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. তোফায়েল ইসলামকে সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ দেয় সরকার।

পরে ১ অক্টোবর চট্টগ্রামের নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক ও যুগ্ম জেলা ও দায়রা জজ মোহাম্মদ খাইরুল আমীন শাহাদাত হোসেনের করা মামলার রায় দেন। রায়ে রেজাউল করিম চৌধুরীকে নির্বাচিত ঘোষণার সিদ্ধান্ত বাতিল করে শাহাদাত হোসেনকে মেয়র ঘোষণা করা হয়। একই সঙ্গে ১০ দিনের মধ্যে এ বিষয়ে প্রজ্ঞাপন জারির নির্দেশ দেওয়া হয়।

আদালতের নির্দেশে ৮ অক্টোবর নির্বাচন কমিশন শাহাদাত হোসেনকে মেয়র ঘোষণা করে সংশোধিত প্রজ্ঞাপন জারি করে। এরপর ৩ নভেম্বর সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সম্মেলনকক্ষে মেয়র হিসেবে শপথ নেন তিনি। তৎকালীন অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার উপদেষ্টা এ এফ হাসান আরিফ তাকে শপথ পড়ান।

নির্বাচনের প্রায় তিন বছর নয় মাস পর মেয়র হিসেবে শপথ নেওয়া শাহাদাত হোসেন এবার সরকারের নিয়োগে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসকের দায়িত্ব পালন করবেন।

/এফআর/