ডিসেম্বরে ৬ শৈত্যপ্রবাহের আভাস

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
ডিসেম্বরে ৬ শৈত্যপ্রবাহের আভাস
শৈত্যপ্রবাহ

দিনে রোদের তাপ আর রাত বাড়ার সঙ্গে সঙ্গে হালকা শীত অনুভূত- এমন আবহাওয়া পার করছে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চল। তবে উত্তরের জেলাগুলোতে তাপমাত্রা ১৫ থেকে ১৬ ডিগ্রির ঘরে পর্যন্ত নেমে এসেছে। অর্থাৎ শীতের আগমনী বেজে উঠেছে। এখন শীত কড়া নাড়ছে দুয়ারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ডিসেম্বর থেকেই শীতের তীব্রতা বাড়তে শুরু করবে। এবার দেশের বিভিন্ন অঞ্চলে ৪ থেকে ৬টি মৃদু ও মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।

চলতি নভেম্বর থেকে আগামী জানুয়ারি পর্যন্ত দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়েছে, শীত মৌসুমে দেশে কয়েক দফা শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। সেইসঙ্গে কুয়াশা, লঘুচাপ ও ঘূর্ণিঝড়ের সম্ভাবনাও রয়েছে।

গত ২৮ অক্টোবর সকাল ৬টায় উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন ১৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। সে সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৯ শতাংশ। এর আগের দিন ২৭ অক্টোবর একই সময়ে তাপমাত্রার পারদ নেমেছিল ১৫ দশমিক ৭ ডিগ্রিতে। তার আগের দিন ১৬ ডিগ্রির ঘরে ছিল। অর্থাৎ শৈত্যপ্রবাহের আভাস আগে থেকেই জানান দিচ্ছে।

আজ বুধবার (১১ নভেম্বর) ভোর সাড়ে ৬টায় ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৩ ডিগ্রি সেলসিয়াস। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি এবং সর্বনিম্ন ২১ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে।

আবহাওয়াবিদরা জানান, ভৌগলিক কারণে দেশের উত্তরের জেলাগুলোতে শীতের আবহ প্রথম অনুভূত হচ্ছে। তবে জলবায়ু পরিবর্তনের কারণে এ বছর অনুভূত তাপমাত্রা কিছুটা বেশি। বৈশ্বিক উষ্ণায়নের ফলে তাপমাত্রা বেশি অনুভূত থাকবে।

/জেএইচ/