আজকের আবহাওয়া: বিভিন্ন অঞ্চলে বাড়তে পারে শীতের অনুভূতি

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
আজকের আবহাওয়া: বিভিন্ন অঞ্চলে বাড়তে পারে শীতের অনুভূতি
আবহাওয়া অধিদপ্তর

আজা দেশের কোথাও বৃষ্টির পূর্বাভাস দেয়নি আবহাওয়া অধিদপ্তর। তবে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। এছাড়া অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ থাকলেও দেশের অধিকাংশ এলাকায় আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

শুক্রবার (২৭ নভেম্বর) আবহাওয়া অধিদপ্তরের দেওয়া এক পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। ফলে দেশের বিভিন্ন অঞ্চলে শীতের অনুভূতি কিছুটা বৃদ্ধি পেতে পারে।

আজ সারাদেশের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকলেও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বললেই চলে। দেশের সব অঞ্চলে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে।

এদিকে গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সন্দ্বীপে ৩১.৫ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ১৪.০ ডিগ্রি সেলসিয়াস।

আর রাজধানী ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.১ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়ার সিনপটিক অবস্থা সম্পর্কে বলা হয়েছে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। তবে এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবার্তা দেওয়া হয়নি বা সতর্ক সংকেত দেখাতে বলা হয়নি। সমুদ্রবন্দরগুলোর জন্যও কোনো সতর্কবার্তা নেই।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, শুক্রবার রাজধানী ঢাকায় সূর্যোদয় হয়েছে ভোর ৬টা ২১ মিনিটে। আর সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ১১ মিনিটে।

/জেএইচ/