শিরোনাম

আজ যেমন থাকতে পারে আবহাওয়া

সিজেডএন  ডেস্ক
সিজেডএন ডেস্ক
আজ যেমন থাকতে পারে আবহাওয়া
আবহাওয়া অধিদপ্তর। ছবি: সিজেডএন টোয়েন্টিফোর

গত কয়েকদিন ধরে টানা বৃষ্টি হলেও ভ্যাপসা গরম খুব একটা কাটেনি। রাজধানীতে আজও এই গরম থেকে স্বস্তি মিলছে না। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ভারী বর্ষণও হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

শনিবার (১৮ জুলাই) দুপুর ১টা পর্যন্ত ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য দেওয়া এক পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, আজ দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে আকাশ আংশিক মেঘলা থেকে দিনের বিভিন্ন সময়ে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময় দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৮.১ ডিগ্রি সেলসিয়াস। আর বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৫ শতাংশ।

এদিকে শুক্রবার রাতে সারাদেশের পূর্বাভাসে বলা হয়েছে, আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই অবস্থা বিরাজ করতে পারে রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায়। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে রাতে সামান্য কমতে পারে। ফলে বৃষ্টি হলেও ভ্যাপসা গরম পুরোপুরি কমার সম্ভাবনা কম।

/জেএইচ/