শিরোনাম

টিকটকে যুক্ত হচ্ছে ‘ভয়েস কমেন্ট’

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
টিকটকে যুক্ত হচ্ছে ‘ভয়েস কমেন্ট’
টিকটকের লোগো

টিকটকের কমেন্ট বক্সে যুক্ত হচ্ছে বেশ কিছু নতুন সুবিধা। এখন থেকে শুধু লিখিত মন্তব্য বা একটি ছবি পোস্ট করার মধ্যেই সীমাবদ্ধ থাকতে হবে না ব্যবহারকারীদের। কমেন্টে সর্বোচ্চ এক মিনিটের ভয়েস বার্তা পাঠানো, ভোট বা পোল তৈরি এবং একসঙ্গে সর্বোচ্চ নয়টি ছবি যুক্ত করছে জনপ্রিয় ভিডিও প্ল্যাটফর্মটি।

টিকটক জানিয়েছে, ব্যবহারকারীদের আরও বেশি সম্পৃক্ত করা এবং মন্তব্যের মাধ্যমে পারস্পরিক যোগাযোগকে আরও আকর্ষণীয় করাই নতুন ফিচারগুলোর মূল উদ্দেশ্য। এতদিন কমেন্টে লিখিত বার্তা বা একটি ছবি দিয়ে প্রতিক্রিয়া জানানোর সুযোগ থাকলেও নতুন সুবিধাগুলোর ফলে নিজেদের মতামত প্রকাশের পরিধি আরও বাড়বে।

নতুন সুবিধাগুলোর মধ্যে অন্যতম হলো ‘ভয়েস কমেন্ট’। এ ফিচারের মাধ্যমে কমেন্ট লেখার পরিবর্তে মাইক্রোফোন আইকনে চাপ দিয়ে সর্বোচ্চ এক মিনিটের অডিও রেকর্ড করা যাবে। রেকর্ড করা ভয়েস বার্তাটি কমেন্ট হিসেবে প্রকাশের পর অন্য ব্যবহারকারীরা সেটি শুনতে পারবেন। তবে ভয়েস কমেন্টের ক্ষেত্রেও টিকটকের কমিউনিটি গাইডলাইন প্রযোজ্য হবে। নীতিমালা ভঙ্গকারী কোনো বক্তব্য শনাক্ত করতে স্বয়ংক্রিয় প্রযুক্তির পাশাপাশি টিকটকের কর্মীরাও নজরদারিতে যুক্ত থাকবেন।

এ ছাড়া কমেন্ট থেকেই তৈরি করা যাবে পোল বা ভোটের আয়োজন। কোনো ভিডিও সম্পর্কে দর্শকদের মতামত জানতে নির্মাতারা এই সুবিধা ব্যবহার করতে পারবেন। একটি পোলে সর্বোচ্চ পাঁচটি বিকল্প রাখা যাবে এবং ভোট দেওয়ার পর ফলাফল সরাসরি মন্তব্য বিভাগেই দেখা যাবে।

এক কমেন্টে একাধিক ছবি যুক্ত করার সুবিধাও সম্প্রসারণ করছে টিকটক। আগে একটি মন্তব্যের সঙ্গে সর্বোচ্চ একটি ছবি দেওয়া যেত। নতুন ব্যবস্থায় একই কমেন্টে সর্বোচ্চ ৯টি ছবি একসঙ্গে যুক্ত করা সম্ভব হবে। ফলে ভ্রমণ, কোনো বিশেষ ঘটনা কিংবা স্মরণীয় মুহূর্তের একাধিক ছবি আলাদা আলাদা মন্তব্যে না দিয়ে একটি কমেন্টেই শেয়ার করা যাবে।

এছাড়াও বিশ্বব্যাপী লাইভ ছবি কমেন্টে প্রকাশের সুবিধাও চালুর উদ্যোগ নিয়েছে টিকটক। নতুন এসব ফিচারের মাধ্যমে মন্তব্য বিভাগকে আরও ইন্টার‌্যাকটিভ করে তুলতে চায় ভিডিওভিত্তিক প্ল্যাটফর্মটি।

/এসবি/