যুক্তরাষ্ট্রে প্রতিবছর মারা যাচ্ছে বিপুলসংখ্যক বাদুড়, নেপথ্যে কী

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
যুক্তরাষ্ট্রে প্রতিবছর মারা যাচ্ছে বিপুলসংখ্যক বাদুড়, নেপথ্যে কী
বাদুড়

যুক্তরাষ্ট্রে বায়ুবিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে বাদুড়ের মৃত্যুর ঘটনা। দেশটিতে ১৯৮১ থেকে ২০২৪ সাল পর্যন্ত বায়ুবিদ্যুৎকেন্দ্রের বিশাল টারবাইনের আঘাতে আনুমানিক ১ কোটি ৮৭ লাখ বাদুড় মারা গেছে।

সম্প্রতি প্রসিডিংস অব দ্য ন্যাশনাল একাডেমি অব সায়েন্সেস সাময়িকীতে প্রকাশিত এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে।

২০০৩ সালে পশ্চিম ভার্জিনিয়ার একটি পাহাড়ে নতুন স্থাপিত বায়ুবিদ্যুৎকেন্দ্রের কাছে কয়েক হাজার মৃত বাদুড়ের সন্ধান পাওয়ার পর বিষয়টি বিজ্ঞানীদের বিশেষ নজরে আসে। গবেষণার তথ্য অনুযায়ী, দুই দশক আগে যুক্তরাষ্ট্রে প্রতিবছর প্রায় এক লাখ বাদুড় টারবাইনের আঘাতে মারা যেতো। কিন্তু বায়ুবিদ্যুৎকেন্দ্রের বিস্তার বাড়ার ফলে ২০২১ সালে সেই সংখ্যা বেড়ে দাঁড়ায় বছরে প্রায় ১৫ লাখে।

মার্কিন জিওলজিক্যাল সার্ভের বিজ্ঞানী এবং গবেষণাটির জ্যেষ্ঠ লেখক বেথানি ফ্রিড বলেন, অ্যাপালেচিয়ান পর্বতমালা সংলগ্ন এলাকাগুলোতে বাদুড়ের মৃত্যুর ঝুঁকি সবচেয়ে বেশি। গবেষণায় ২৭৭টি বায়ুবিদ্যুৎকেন্দ্রের ৪৯৯টি প্রতিবেদন পর্যালোচনা করে একটি মডেল তৈরি করা হয়। এতে দেখা গেছে, নদীর আশপাশে এবং পরিত্যক্ত খনির প্রবেশপথের কাছাকাছি স্থাপিত বিদ্যুৎকেন্দ্রগুলোতে বাদুড়ের মৃত্যুর হার তুলনামূলক বেশি।

তিনি বলেন, বড় আকারের ব্লেডযুক্ত টারবাইন এবং ভূমির কাছাকাছি ব্লেড ঘোরে এমন স্থাপনাও বাদুড়ের জন্য বাড়তি বিপদের কারণ হয়ে উঠছে। সাম্প্রতিক সময়ে মারা যাওয়া বাদুড়ের প্রায় ৮৯ শতাংশই পরিযায়ী প্রজাতির। এসব প্রজাতির মধ্যে হোয়ারি ব্যাট উল্লেখযোগ্য।

বায়ুবিদ্যুৎ শিল্পের পক্ষ থেকে বলা হয়েছে, বাদুড়ের ওপর টারবাইনের নেতিবাচক প্রভাব সম্পর্কে তারা সচেতন। এ বিষয়ে সংরক্ষণ কার্যক্রম জোরদার করার উদ্যোগও নেওয়া হচ্ছে।

পরিবেশবিদদের আশঙ্কা, বাদুড়ের সংখ্যা কমে গেলে পরিবেশের ভারসাম্যের পাশাপাশি কৃষি খাতও ক্ষতিগ্রস্ত হতে পারে। বাদুড় প্রাকৃতিকভাবে বিভিন্ন ক্ষতিকর পোকামাকড় খেয়ে ফসল রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ফলে এদের সংখ্যা কমে গেলে কৃষকদের কীটনাশকের ব্যবহার বাড়ানোর প্রয়োজন হতে পারে। এ পরিস্থিতি মোকাবিলায় কার্যকর পদক্ষেপের সম্ভাবনাও রয়েছে।

/এসবি/