এআই দৌড়ে গুগলের নতুন অস্ত্র ‘আর্গন’

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
 এআই দৌড়ে গুগলের নতুন অস্ত্র ‘আর্গন’
জেমিনাই ৪ আর্গনের লোগো

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) দৌড়ে প্রতিদ্বন্দ্বীদের টেক্কা দিতে নতুন মডেল উন্মোচন করেছে গুগল। জটিল কাজের জন্য তৈরি ‘জেমিনাই ৪ আর্গন’কে নিজেদের সবচেয়ে শক্তিশালী এআই মডেল হিসেবে দাবি করেছে প্রতিষ্ঠানটি।

গুগলের এক মুখপাত্রের তথ্য অনুযায়ী, কোডিং ও সাইবার নিরাপত্তাসহ গুরুত্বপূর্ণ কয়েকটি পরীক্ষায় আর্গন মডেলটি ওপেনএআইয়ের অ্যাস্ট্রা ও অ্যানথ্রপিকের ক্লড ওপাসের সঙ্গে প্রায় সমতুল্য সক্ষমতা দেখিয়েছে। প্রাথমিক পর্যায়ে নির্বাচিত কয়েকটি সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠানকে মডেলটি ব্যবহারের সুযোগ দেওয়া হবে। তবে সাধারণ ব্যবহারকারীদের জন্য এটি কবে উন্মুক্ত হবে, তা জানায়নি গুগল।

প্রতিষ্ঠানটির দাবি, শিল্প খাতের কয়েকটি মানদণ্ডে নিজেদের পরীক্ষায় আর্গন প্রতিদ্বন্দ্বী মডেল দুটির চেয়ে ভালো ফল করেছে। অবশ্য সব পরীক্ষায় সাফল্য আসেনি। গুগলের প্রকাশিত চারটি কোডিং পরীক্ষার দুটিতেই আর্গন পিছিয়ে ছিল।

কয়েক মাস আগেই মডেলটি প্রকাশের পরিকল্পনা করেছিলো গুগল। তবে এআই নিরাপত্তা নিয়ে উদ্বেগ এবং ডিপমাইন্ডের প্রধান নির্বাহীসহ কয়েকজন শীর্ষ কর্মকর্তার পদত্যাগের কারণে এর উন্মোচন পিছিয়ে যায়।

/এসবি/