শিরোনাম

হোয়াটসঅ্যাপে আসছে নতুন ফিচার

সিজেডএন  ডেস্ক
সিজেডএন ডেস্ক
হোয়াটসঅ্যাপে আসছে নতুন ফিচার
হোয়াটসঅ্যাপের লোগো

ব্যক্তিগত কিংবা পেশাগত যোগাযোগে নিয়মিত হোয়াটসঅ্যাপ ব্যবহার করলেও ব্যস্ততার কারণে অনেক সময় পরিচিতজনের জন্মদিন মনে রাখা সম্ভব হয় না। এই সমস্যার সমাধানে ব্যবহারকারীদের জন্য জন্মদিনের রিমাইন্ডার সুবিধা আনতে কাজ করছে হোয়াটসঅ্যাপ।

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ডব্লিউএবেটাইনফো জানিয়েছে, ব্যবহারকারীদের জন্মদিন মনে করিয়ে দেওয়ার জন্য একটি নতুন ফিচার তৈরি করছে হোয়াটসঅ্যাপ। এই সুবিধা চালু হলে যেসব ব্যবহারকারী নিজেদের জন্মতারিখ প্রোফাইলে যুক্ত করবেন, তাদের জন্মদিন ঘনিয়ে এলে বা নির্ধারিত দিনে পরিচিতদের কাছে স্বয়ংক্রিয়ভাবে রিমাইন্ডার পৌঁছে যাবে। ফলে গুরুত্বপূর্ণ মানুষদের জন্মদিন ভুলে যাওয়ার সম্ভাবনা অনেকটাই কমবে।

জানা গেছে, ফিচারটির কার্যক্রম বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে। তাই এটি কবে সাধারণ ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হবে, সে বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি হোয়াটসঅ্যাপ।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দীর্ঘদিন ধরেই বন্ধুদের জন্মদিনের নোটিফিকেশন দেখানো হয়। তবে গোপনীয়তাকে অগ্রাধিকার দেওয়া হোয়াটসঅ্যাপে একই ধরনের সুবিধা যুক্ত হওয়ায় এর প্রয়োজনীয়তা ও ব্যবহারকারীদের আগ্রহ নিয়ে ইতোমধ্যে শুরু হয়েছে নানা আলোচনা।

এদিকে, নতুন নতুন ফিচার যুক্ত করার ধারাবাহিকতা অব্যাহত রেখেছে হোয়াটসঅ্যাপের মূল প্রতিষ্ঠান মেটা। সম্প্রতি প্রতিষ্ঠানটি ‘হোয়াটসঅ্যাপ প্লাস’ নামে একটি প্রিমিয়াম সাবস্ক্রিপশন সেবা চালুর উদ্যোগ নিয়েছে। নির্দিষ্ট সময়ের বিনা মূল্যের ব্যবহার শেষে মাসিক ফি পরিশোধের মাধ্যমে গ্রাহকেরা অতিরিক্ত কিছু সুবিধা উপভোগ করতে পারবেন। এ সেবায় যুক্ত হওয়ার জন্য অ্যাপের সেটিংসে আলাদা নিবন্ধন অপশনও রাখা হয়েছে।

এছাড়া ব্যবহারকারীদের ব্যক্তিগত গোপনীয়তা আরও জোরদার করতে মোবাইল নম্বরের পরিবর্তে ‘ইউজারনেম’ ব্যবহার করে যোগাযোগের সুবিধাও আনছে হোয়াটসঅ্যাপ। নতুন এই ব্যবস্থায় অপরিচিত কারও সঙ্গে যোগাযোগের সময় নিজের ফোন নম্বর প্রকাশ না করেও বার্তা আদান-প্রদান করা যাবে।

/এসবি/