চেহারা ভাড়া দিয়েই আয় ১৮ লাখ টাকা!

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
চেহারা ভাড়া দিয়েই আয় ১৮ লাখ টাকা!
প্রতীকী ছবি

অভিনয়ের অভিজ্ঞতা নেই, শুটিংয়ে যেতে হয় না, ক্যামেরার সামনে দাঁড়ানোরও নেই প্রয়োজন। শুধু নিজের চেহারার ডিজিটাল প্রতিরূপ ব্যবহারের অনুমতি দিয়েই আয় করা যাচ্ছে মোটা অঙ্কের অর্থ। চীনে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ঘিরে গড়ে উঠেছে এমনই অভিনব ব্যবসা।

এক প্রতিবেদনে হংকংভিত্তিক সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্ট জানিয়েছে, চীনে সাধারণ মানুষ এখন ডিজিটাল কনটেন্ট নির্মাতাদের কাছে নিজেদের চেহারার ব্যবহারের অনুমতি দিচ্ছেন। এসব চেহারা ব্যবহার করে তৈরি হচ্ছে এআই-নির্ভর ভার্চুয়াল অভিনেতা-অভিনেত্রী। বিজ্ঞাপন, ওটিটি নাটক এমনকি ভিডিও গেমেও ব্যবহৃত হচ্ছে এসব ডিজিটাল চরিত্র।

একবার কারও মুখের ডিজিটাল প্রতিরূপ তৈরি করা হলে সেটি ব্যবহার করে বিভিন্ন পোশাক, পরিবেশ, অঙ্গভঙ্গি ও সংলাপসহ অসংখ্য দৃশ্য তৈরি করা সম্ভব। চুক্তির ধরন ও ব্যবহারের পরিধি অনুযায়ী একজন ব্যক্তি নিজের চেহারা ব্যবহারের বিনিময়ে সর্বোচ্চ ১৫ হাজার ডলার, অর্থাৎ প্রায় ১৮ লাখ টাকা পর্যন্ত আয় করতে পারেন।

এ সুযোগ কাজে লাগিয়েছেন হুয়াং নামের ২৭ বছর বয়সী এক ব্যাংক কর্মকর্তা। বাড়তি আয়ের আশায় অনলাইনে নিজের চেহারা ব্যবহারের অধিকার দেওয়ার বিজ্ঞাপন দেন তিনি। মাত্র তিন দিনের মধ্যে তার ডিজিটাল চেহারা সাতবার ব্যবহারের জন্য চুক্তিবদ্ধ হয়। এতে কোনো শুটিং ছাড়াই তিনি আয় করেছেন প্রায় ৪৩ হাজার টাকা।

চীনের বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম এখন চেহারা ব্যবহারের অধিকার দিতে আগ্রহী ব্যক্তিদের সঙ্গে এআই কনটেন্ট নির্মাতাদের যোগাযোগ করিয়ে দিচ্ছে। চেহারাটি কোন ধরনের কনটেন্টে ব্যবহার হবে, কতদিন ব্যবহার করা যাবে এবং চুক্তির শর্ত কী-এসবের ওপর নির্ভর করছে পারিশ্রমিক।

এদিকে, চীনে এআই দিয়ে তৈরি স্বল্পদৈর্ঘ্য নাটকের বাজারও দ্রুত সম্প্রসারিত হচ্ছে। প্রচলিত পদ্ধতিতে প্রতিটি দৃশ্যের জন্য অভিনেতা নিয়োগের তুলনায় ডিজিটাল চরিত্র ব্যবহার অনেক কম ব্যয়বহুল। পাশাপাশি এআইয়ের মাধ্যমে একই চরিত্রের পোশাক, পরিবেশ, অঙ্গভঙ্গি ও সংলাপ দ্রুত পরিবর্তন করা যায়। ফলে বিনোদনশিল্পে ‘চেহারা ভাড়া’ দেওয়ার এই নতুন বাজার আরও বড় হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

/এসবি/