শিরোনাম

কবে কথা বলতে শুরু করেছিল মানুষ

সিটিজেন ডেস্ক
কবে কথা বলতে শুরু করেছিল মানুষ
প্রতীকী ছবি

মানুষ ঠিক কবে প্রথম কথা বলতে শুরু করেছিল—এ প্রশ্নের উত্তর খুঁজতে বহু বছর ধরেই গবেষণা চালিয়ে যাচ্ছেন বিজ্ঞানীরা। এবার আফ্রিকার একটি গুহা থেকে পাওয়া কিছু প্রত্নতাত্ত্বিক নিদর্শন নতুন করে সেই আলোচনাকে সামনে নিয়ে এসেছে। আফ্রিকার ওই গুহা থেকে উদ্ধার করা হয়েছে ভাঙা ঝিনুক, খোদাই করা পাথর এবং পাথরের তৈরি বিভিন্ন হাতিয়ার।

গবেষকদের ধারণা, আধুনিক মানুষ বা হোমো স্যাপিয়েন্স সম্ভবত প্রায় ১ লাখ ৩৫ হাজার বছর আগেই ভাষার মাধ্যমে যোগাযোগ শুরু করেছিল।

প্রত্নতাত্ত্বিকদের মতে, ঝিনুক, খোদাই করা পাথর এবং পাথরের তৈরি বিভিন্ন হাতিয়ার পরিকল্পনা ও পারস্পরিক সহযোগিতা ছাড়া তৈরি করা সম্ভব নয়। আর সেই সহযোগিতার জন্য কোনো না কোনো ধরনের ভাষাগত যোগাযোগ ছিল।

দীর্ঘদিন ধরে ইতিহাসবিদদের একটি বড় অংশ মনে করছেন, মানুষ প্রায় ৫০ হাজার বছর আগে ভাষা ব্যবহার শুরু করে।

তাদের মতে, সাংস্কৃতিক পরিবর্তনের সঙ্গেই ভাষার বিকাশ ঘটে। তবে অন্য একদল গবেষক মনে করেন, মানুষের ভাষা ব্যবহারের ইতিহাস আরও অনেক পুরোনো। তারা জীবাশ্ম বা কঙ্কালের বদলে ডিএনএ বিশ্লেষণের মাধ্যমে বিষয়টি বোঝার চেষ্টা করেছেন।

গবেষণায় দেখা গেছে, প্রায় ১ লাখ ৩৫ হাজার বছর আগে আফ্রিকায় বসবাসকারী আধুনিক মানুষ কথা বলার সক্ষমতা অর্জন করেছিল। যদিও ভাষার মাধ্যমে নিয়মিত ভাব বিনিময় শুরু হয় আরও পরে, প্রায় ১ লাখ বছর আগে।

বিজ্ঞানীদের মতে, আধুনিক মানুষের উদ্ভব হয়েছিল প্রায় ৩ লাখ বছর আগে।

এ বিষয়ে গবেষণা চালিয়েছে ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজির একদল বিজ্ঞানী।

গবেষকেরা মূলত খুঁজে দেখেছেন, আধুনিক মানুষের বড় কোনো গোষ্ঠী প্রথম কবে বিচ্ছিন্ন হয়েছিল। জিনগত বিশ্লেষণে তারা জানতে পারেন, প্রায় ১ লাখ ৩৫ হাজার বছর আগে আফ্রিকায় মানবগোষ্ঠীর মধ্যে প্রথম বড় বিভাজন তৈরি হয়। একেকটি দল ভিন্ন ভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে এবং সময়ের সঙ্গে গড়ে ওঠে আলাদা সংস্কৃতি ও ঐতিহ্য।

তবে আশ্চর্যের বিষয় হলো, বিচ্ছিন্ন হওয়ার পরও সব মানবগোষ্ঠীর ভাষাগত সক্ষমতায় মৌলিক মিল রয়েছে। পৃথিবীর সব মানুষই অর্থবহ ভাষায় যোগাযোগ করতে পারে।

বিজ্ঞানীদের মতে, যদি বিভাজনের আগে ভাষা তৈরি না হতো, তাহলে বিভিন্ন গোষ্ঠীর যোগাযোগ পদ্ধতিতে বড় ধরনের পার্থক্য দেখা যেত। কিন্তু বাস্তবে তা হয়নি।

এ থেকেই গবেষকদের ধারণা, মানবগোষ্ঠী আলাদা হওয়ার আগেই মানুষ কথা বলতে শিখেছিল এবং পরে সেই সক্ষমতা বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে। তবে সেই সময়ের ভাষা আজকের মতো জটিল বা বৈচিত্র্যময় ছিল না বলেও মনে করছেন তারা। ভাষায় সাংস্কৃতিক বৈচিত্র্য এসেছে অনেক পরে।

বিজ্ঞানীদের মতে, প্রায় ১ লাখ বছর আগে মানুষ ভাষার মাধ্যমে নিয়মিত যোগাযোগে দক্ষ হয়ে ওঠে। আফ্রিকার গুহা থেকে পাওয়া নিদর্শনগুলোও সেই সময়কার বলে ধারণা করা হচ্ছে। অর্থাৎ, মানুষ তারও বহু আগে কথা বলার ক্ষমতা অর্জন করেছিল।

/এসবি/