সিলেটে হোটেল থেকে বদির ছেলে ও দুই ভাই আটক

সিলেট সংবাদদাতা
সিলেট সংবাদদাতা
সিলেটে হোটেল থেকে বদির ছেলে ও দুই ভাই আটক
আব্দুর রহমান বদির ছেলে শাওন আরমান ও তার দুই ভাইসহ আটককৃত চারজন

সিলেটে একটি আবাসিক হোটেল থেকে কক্সবাজারের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদির ছেলে শাওন আরমান ও তার দুই ভাইসহ চারজনকে আটক করা হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) ভোরে নগরীর গ্র্যান্ড প্যালেস হোটেল থেকে তাদের আটক করা হয়।

আটককৃত অন্য তিনজন হলেন, বদির ভাই আমিনুর রাহমান ও আব্দুস শুক্কুর এবং বদির সহযোগী ও টেকনাফ পৌরসভার কাউন্সিলর মোহাম্মদ হোসেন।

এর আগে, গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে হোটেলটি ঘিরে ফেলে পুলিশ। সেখানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা অবস্থান করছেন– এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। পরে হোটেলের বিভিন্ন কক্ষে তল্লাশি চালিয়ে চারজনের পরিচয় নিশ্চিত করা হয়। ভোর ৫টার দিকে তাদের আটক করে কোতোয়ালী থানায় নিয়ে যাওয়া হয়।

হোটেল কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকালে নারী, পুরুষ ও শিশুসহ ১৬ জনের একটি দল হোটেলটিতে ওঠে।

সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (উত্তর) সাইফুল ইসলাম জানান, আটক ব্যক্তিদের পরিচয় নিশ্চিত করতে প্রায় পাঁচ ঘণ্টা সময় লাগে। এরপর তাদের আটক করা হয়।

তিনি আরও জানান, আটকৃতদের চারজনকে কক্সবাজার পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

তবে তারা কেন সিলেটে অবস্থান করছিলেন এবং কোন মামলায় তাদের আটক করা হয়েছে, সে বিষয়ে পুলিশের পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি।

/এফআর/