শিরোনাম

এবার জয় পেলো বাংলাদেশ

সিটিজেন স্পোর্টস ডেস্ক
এবার জয় পেলো বাংলাদেশ
গোলের পর উদযাপন বাংলাদেশ হকি দলের। ছবি: সংগৃহীত

নারী এশিয়ান কাপ বাছাইয়ে নিজেদের প্রথম ম্যাচে ড্র করেছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে আর পথ হারালো না। রিয়া-কণাদের নৈপুণ্যে টুর্নামেন্টের প্রথম জয় পেলো তারা। ইন্দোনেশিয়ার জাকার্তায় শুক্রবার (২৪ এপ্রিল) বাংলাদেশ ৩-২ গোলে হারিয়েছে উজবেকিস্তানকে। দলের তিন গোলদাতা আইরিন রিয়া, কণা আক্তার ও রিমন সারিকা।

হংকংকে ৪-০ গোলে উড়িয়ে দেওয়া উজবেকিস্তানের বিপক্ষে বাংলাদেশের শুরুটা হয় দারুণ। একাদশ মিনিটে সারিকা পেনাল্টি কর্নার থেকে গোল করে এগিয়ে নেন দলকে। উজবেকিস্তান সমতায় ফিরতে বেশি সময় নেয়নি। অবশ্য পরের দুই কোয়ার্টারে আধিপত্য করে বাংলাদেশ।

দ্বিতীয় কোয়ার্টারে গোলের পর তৃতীয় কোয়ার্টারে পেনাল্টি কর্নার থেকে রিয়া গোল করলে সহজ জয়ের পথে ছুটতে থাকে দল। চতুর্থ কোয়ার্টারের শুরুতে উজবেকিস্তান অধিনায়ক জুলখুমোর খাইদারোভা পেনাল্টি স্ট্রোক থেকে লক্ষ্যভেদ করে ম্যাচ জমিয়ে তোলেন। তবে বাকি সময়ে দৃঢ়তায় ব্যবধান ধরে রাখে বাংলাদেশ।

গ্রুপ পর্বে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে রবিবার (২৪ এপ্রিল) বাংলাদেশ মুখোমুখি হবে হংকংয়ের।

/টিই/