শিরোনাম

ওয়াসিম-বোল্টকে ছুঁলেন মোস্তাফিজ, সামনে শুধু স্টার্ক

সিটিজেন স্পোর্টস ডেস্ক
ওয়াসিম-বোল্টকে ছুঁলেন মোস্তাফিজ, সামনে শুধু স্টার্ক
মোস্তাফিজুর রহমান। ছবি: সংগৃহীত

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ নির্ধারণী ম্যাচে মোস্তাফিজুর রহমান নিয়েছেন ৫ উইকেট। ম্যাচ শেষে ফটোগ্রাফাররা তাকে অনুরোধ করছিলেন বলটা একটু তুলে ধরতে। কিন্তু তার চোখে-মুখে রাজ্যের অনীহা। তাতে অবশ্য কারও সমস্যা হওয়ার কথা না, আসল কাজ তো ফিজ ঠিকই করছেন!

২০১৯ বিশ্বকাপে ভারত ও পাকিস্তানের বিপক্ষে টানা দুই ম্যাচে নিয়েছিলেন ৫ উইকেট। প্রায় ৭ বছর পর আবার পেলেন সেই স্বাদ। ক্যারিয়ারের প্রথম দুই ম্যাচেই ভারতের বিপক্ষে ৫ ও ৬ উইকেট নিয়ে তার পথচলার শুরুটা ছিল সাড়া জাগানো ও রেকর্ডময়। ২০১৫ সালে আরেকবার ৫ উইকেট নেন জিম্বাবুয়ের বিপক্ষে। এবার নিউজিল্যান্ডের বিপক্ষে পারফরম্যান্সে ওয়ানডেতে ৫ উইকেট হয়ে গেল তার ৬ বার।

বাঁহাতি পেসারদের মধ্যে ওয়ানডেতে ইতিহাসে সবচেয়ে বেশি ৫ উইকেট শিকারির তালিকায় স্পর্শ করেছেন কিংবদন্তি ওয়াসিম আকরাম ও গ্রেট ট্রেন্ট বোল্টকে।

সর্বকালের সেরা বোলারদের একজন ওয়াসিম, ৬ বার ৫ উইকেট নিয়েছিলেন ৩৫১ ইনিংস বোলিং করে। মোস্তাফিজ তার পাশে নাম লেখালেন ১১৮ ইনিংসেই। বোল্টের অবশ্য একটু কম লেগেছে ইনিংস (১১৪টি)। বাঁহাতি পেসারদের মধ্যে সর্বোচ্চ ৯ বার ৫ উইকেট নিয়েছেন মিচেল স্টার্ক। মোস্তাফিজের বয়স ৩০। ফর্মেও আছেন। স্টার্ককে ছোঁয়ার আশা তাই করতেই পারেন।

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ের পর অধিনায়ক মিরাজ বলেন, তুরুপের তাসকে তিনি এই রূপেই দেখতে চান। ‘অসাধারণ পারফরম্যান্স করেছে মোস্তাফিজ… ও যেভাবে বোলিং করেছে, আমরা সবসময় আশা করি মোস্তাফিজ এরকমই বোলিং করবে।’

বাংলাদেশের হয়ে ওয়ানডেতে সবচেয়ে বেশি ৫ উইকেট নেওয়ার রেকর্ড অনেক আগে থেকেই ফিজের। সেটিই আরও সমৃদ্ধ হলো এবার। মিরাজ বলেন, ‘মোস্তাফিজ তো গ্রেট বোলার আমাদের বাংলাদেশের জন্য এবং ওর অর্জন আমার মনে হয় কেউ ভুলতে পারবে না। কারণ বাংলাদেশের জন্য অনেক ম্যাচ জিতিয়েছে সে আর এরকম একটা ক্রিকেটার থাকলে দলের অনেক কাজে লাগে এবং যেকোনো জরুরি প্রয়োজন হলেই মোস্তাফিজকে আমরা চিন্তা করতে পারি।’

/টিই/