শিরোনাম

নকআউটে মিসর, ৩ ড্রতে ভাগ্য ঝুলে রইলো ইরানের

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
নকআউটে মিসর, ৩ ড্রতে ভাগ্য ঝুলে রইলো ইরানের
মিসর ও ইরানের মধ্যকার ম্যাচের একটি দৃশ্য

নকআউটে ওঠার কঠিন চ্যালেঞ্জ নিয়ে খেলতে নামে ইরান। ম্যাচ জিতলে নকআউট নিশ্চিত হওয়ার সম্ভাবনা প্রবল। তবে মিসরের সঙ্গে ড্র করে ভাগ্য ঝুলে রইলো তারেমিদের।

ম্যাচের ৫ মিনিটেই মাহমুদ সাবেরের দুর্দান্ত শটে গোল পেয়ে যায় মিসর। বিশ্বকাপে এটিই মিসরের দ্রুততম গোল। এতে পিছিয়ে পড়ে ইরান

মোহাম্মদ সালাহ বক্সের ভেতর থেকে বাঁ-পায়ের কার্লিং শট নিলে সেটি সেভ করেন গোলকিপার। তবে রিবাউন্ড বল পান সাবের। তার শট দুর্বল হলেও অসংখ্য পায়ের ফাঁক গলে গোলরক্ষকের হাত ফসকে বল জালে জড়ায়।

এর কয়েক মিনিট পরেই পেনাল্টি পায় ইরান। তারেমি চালাকি করে আবদেলমোনেমের পা থেকে বল নেওয়ার চেষ্টা করলে মিশরীয় ডিফেন্ডার বলের বদলে তারেমিকে ফাউল করেন। রেফারি পেনাল্টি দেন। কিক নেন তারেমি। তিনি বাম দিকে কিক নিলে গোলরক্ষক শোবেইর দুর্দান্ত ডাইভে বলটি আটকে দেন।

তবে বেশিক্ষণ স্বস্তি ধরে রাখতে পারেনি মিসর। ১৫ মিনিটেই সমতা ফেরায় ইরান। এজাতোলাহি বক্সের ভেতরে বল পেয়ে শট নেন, শোবেইর অসাধারণ সেভ করেন। কিন্তু রিবাউন্ড বল পেয়ে রেজাইয়ান দুর্দান্ত শট নিয়ে কোণ থেকে বলটি জালে জড়ান। প্রথম ম্যাচেও গোল করা রামিন রেজাইয়ান আবার ত্রাতা হলেন ইরানের জন্য। এটি ইরানের ইতিহাসে বিশ্বকাপের দ্রুততম গোল।

দ্বিতীয়ার্ধে দুই দলই আক্রমণাত্মক খেলেছে। তবে নির্ধারিত ৯০ মিনিটে কোনো দলই গোল পায়নি। রেফারি অতিরিক্ত ৬ মিনিট যোগ করে। এর ২ মিনিটের মাথায় গোল দিয়ে উল্লাসে মাতে ইরান। কিন্তু ভিএআরের চুলচেরা বিশ্লেষণে অফসাইডের সিদ্ধান্তে গোলটি বাতিল হয়ে যায়। ফলে ১-১ গোলে ড্র হয় ম্যাচ।

গ্রুপ ‘জি’ অন্য ম্যাচে বেলজিয়াম নিউজিল্যান্ডকে ৫-১ গোলে হারিয়ে প্রথম স্থান অধিকার করেছে। অন্যদিকে গ্রুপ রানার্সআপ হিসেবে পরের রাউন্ড নিশ্চিত করেছে মিসর। আর তিন ম্যাচ ড্র করা ইরানের ভাগ্য এখন ঝুলে রইল আগামীকালের বাকি ম্যাচগুলোর ফলের ওপর।

/জেএইচ/