শিরোনাম

অধিনায়কের পর রেফারিং নিয়ে ক্ষোভ ইংল্যান্ড কোচের

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
অধিনায়কের পর রেফারিং নিয়ে ক্ষোভ ইংল্যান্ড কোচের
সংবাদ সম্মেলনে ইংল্যান্ডের কোচ থমাস টুখেল

মেক্সিকোর বিপক্ষে মাঠের লড়াইয়ে রোমাঞ্চকর জয় পেলেও ম্যাচ অফিশিয়ালদের পারফরম্যান্স নিয়ে চরম অসন্তোষ প্রকাশ করেছে ইংল্যান্ড। স্বাগতিকদের হারিয়ে শেষ আট নিশ্চিত করার পর অধিনায়ক হ্যারি কেইনের সুরেই রেফারি ও ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন ইংলিশ কোচ থমাস টুখেল। মেক্সিকোর আজতেকা স্টেডিয়ামে ৩-২ ব্যবধানের নাটকীয় জয়ের ম্যাচে মাঠের রেফারি ও ভিএআর কর্মকর্তাদের ভূমিকা কোনোভাবেই গ্রহণযোগ্য ছিল না বলে সরাসরি তোপ দেগেছেন তিনি।

বিবিসি স্পোর্টকে দেওয়া এক সাক্ষাৎকারে টুখেল বলেন, ‘এবারের রেফারিং মোটেও ভালো ছিল না। মাঠের প্রধান রেফারি থেকে শুরু করে সবার পারফরম্যান্সই ছিল প্রশ্নবিদ্ধ এবং এটাই বাস্তব সত্য।’ বিশেষ করে ভিএআরের একটি পেনাল্টির সিদ্ধান্ত বদলে দেওয়া নিয়ে কড়া আপত্তি জানান এই ইংলিশ কোচ। তার দাবি, মাঠের রেফারি প্রথমে ফাউল দেননি, আর ভিএআর যেভাবে হস্তক্ষেপ করেছে তা কোনো ‘স্পষ্ট ও সুস্পষ্ট ভুল’ ছিল না। একই সঙ্গে এমন একটি গুরুত্বপূর্ণ ম্যাচে ভিএআর প্যানেলে দক্ষিণ আমেরিকার তিনজন কর্মকর্তা থাকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

অবশ্য ম্যাচ পরিচালকদের ওপর ক্ষোভ থাকলেও নিজের শিষ্যদের লড়াকু মানসিকতার ভূয়সী প্রশংসা করতে ভোলেননি থমাস টুখেল। তিনি জানান, শত প্রতিকূলতা জয় করে শুধু অদম্য ইচ্ছাশক্তি, হৃদয় আর বিশ্বাসের জোরেই দল এ ম্যাচ জিতেছে। খেলোয়াড়দের এমন অনবদ্য পারফরম্যান্সে তিনি অত্যন্ত গর্বিত। সব বিতর্ক ছাপিয়ে ৩-২ গোলের এই জয়ে শেষ আট নিশ্চিত করেছে থ্রি লায়ন্সরা। সেমিফাইনালের ওঠার লড়াইয়ে আর্লিং হলান্ডের নরওয়ের মুখোমুখি হবে হ্যারি কেইনরা।

/এমএকে/