বার্সায় কাটানো সময় অল্প কথায় প্রকাশ করা কঠিন: মেসি

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
বার্সায় কাটানো সময় অল্প কথায় প্রকাশ করা কঠিন: মেসি
লিওনেল মেসি

লিওনেল মেসির বর্ণাঢ্য ক্যারিয়ারের সবচেয়ে দীর্ঘ ও সোনালি সময় কেটেছে বার্সেলোনায়। মর্যাদাপূর্ণ প্রিন্সেস অব আস্তুরিয়াস পুরস্কার নিতে স্পেনে ফিরে ক্যাম্প ন্যুতে কাটানো সময়ের দিকে ফিরে তাকালেন আর্জেন্টাইন জাদুকর। বললেন, ক্লাবটি তার জীবনের অবিচ্ছেদ্য অংশ।

হাজারো ভক্তের উল্লাস আর করতালির মধ্যে স্ত্রী আন্তোনেলাকে সঙ্গে নিয়ে বৃহস্পতিবার (২২ অক্টোবর) স্পেনের ওবেইদোয় পৌঁছান মেসি। আজ শুক্রবার (২৩ অক্টোবর) ক্রীড়া বিভাগে প্রিন্সেস অব আস্তুরিয়াস পুরস্কার গ্রহণ করবেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী অধিনায়ক।

ক্লাবের আর্থিক সংকটের কারণে ইচ্ছার বিরুদ্ধে ২০২১ সালের আগস্টে বার্সেলোনা ছাড়তে বাধ্য হয়েছিলেন মেসি। যোগ দিয়েছিলেন পিএসজিতে। সেখান থেকে ২০২৩ সালের জুলাইয়ে পাড়ি জমান যুক্তরাষ্ট্রে। সেই থেকে মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মায়ামির হয়ে খেলছেন।

বার্সেলোনায় কাটানো বছরগুলোর স্মৃতিচারণ করে ৩৯ বছর বয়সি মেসি বলেন, ‘আমরা ভাগ্যবান ছিলাম যে, সবকিছু জিততে পেরেছিলাম। যেভাবে আমরা খেলেছি, জয় উপভোগ করেছি এবং গুরুত্বপূর্ণ সবকিছু অর্জন করেছি, তা ছিল দারুণ। তবে সবচেয়ে বড় কথা, আমরা প্রতিদিনের জীবন ও অনুশীলনের সময়গুলোও দারুণভাবে উপভোগ করেছি; আমরা খুব ভালো সময় কাটিয়েছি।’

বার্সেলোনায় দুই দশকের পথচলায় সবচেয়ে বেশি ম্যাচ খেলা, সর্বোচ্চ গোলসহ আরও অনেক রেকর্ড গড়েছেন মেসি। ১০টি লা লিগা, চারটি চ্যাম্পিয়ন্স লিগসহ শিরোপা জিতেছেন অসংখ্য। আটবারের ব্যালন ডি’অর জয়ী মেসি বার্সায় কাটানো সময় নিয়ে বলেন, ‘অল্প কথায় প্রকাশ করা কঠিন।’

/টিই/