শিরোনাম

রোমাঞ্চকর ম্যাচে মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
রোমাঞ্চকর ম্যাচে মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড
হ্যারি কেইন একটি এবং জুড বেলিহাম করেন জোড়া গোল

বিশ্বকাপের শেষ ষোলোতে রোমাঞ্চকর ম্যাচে মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে ইংল্যান্ড। ম্যাচের প্রথমার্ধে ৬ মিনিটের মধ্যে হয় ৩ গোল। দ্বিতীয়ার্ধ ছিল আরও নাটকীয়। ৫৪ মিনিটে লাল কার্ড দেখেন ইংলিশ রাইটব্যাক জারেল কোয়ানসা। শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানে ম্যাচ জিতেছে হ্যারি কেইনরা।

বিশ্বকাপের এবারের আসরে গ্রুপ পর্বের পর শেষ-৩২ রাউন্ডেও গোল হজম করেনি মেক্সিকো। তবে এই ম্যাচে দুই মিনিটের মধ্যে দুই গোল হজম করে স্বাগতিকরা। ৩৬ মিনিটে আক্রমণের সূচনা করেন ইংলিশ গোলকিপার জর্ডান পিকফোর্ড। তিনি বল দেন ডেকলান রাইসকে। বল এগিয়ে নিয়ে রাইস পাস দেন ডান প্রান্তে থাকা বুকায়ো সাকার কাছে। সাকা বল পায়ে আরও এগিয়ে ক্রস করেন। ডাইভিং হেডে গোল করেন বেলিংহাম।

সেই গোল হজমের পর কিক-অফের পরপরই আবারও মেক্সিকোর রক্ষণে বল নিয়ে যায় থ্রি লায়ন্সরা। হ্যারি কেইন বল বক্সের ভেতরে থাকা জুড বেলিংহামকে পাস দেন। ডান পায়ের জোরালো শটে (৩৮ মিনিট) নিজের দ্বিতীয় ও দলের হয়ে দ্বিতীয় গোলটি করেন বেলিংহাম।

বেলিংহাম দুই মিনিটে দুই গোল করার চার মিনিট পর একটি গোল শোধ করেছে মেক্সিকো। ৪২ মিনিটে গোলটি করেছেন হুলিয়ান কিনিয়োনেস। প্রথমার্ধে ২-১ ব্যবধানে এগিয়ে ছিল ইংল্যান্ড।

৫৪ মিনিটে হেসুস গায়ার্দোকে বাজেভাবে ফাউল করে লাল কার্ড দেখে মাঠ ছাড়লেন ইংল্যান্ডের রাইটব্যাক কোয়ানসা। ৫৮ মিনিটে বক্সের ভেতর অ্যান্থনি গর্ডনকে মেক্সিকোর গোলকিপার রাউল রানহেল ফাউল করায় পেনাল্টি পায় ইংল্যান্ড। ৬০ মিনিটে স্পটকিক থেকে হ্যারি কেইন গোল করেন। চলতি বিশ্বকাপে এটি তার ষষ্ঠ গোল।

তৃতীয় গোল হজমের পরও আক্রমণ অব্যাহত রাখে মেক্সিকো। বক্সের ভেতর কেইন মেক্সিকোর খেলোয়াড়কে ফাউল করায় পেনাল্টি পায় মেক্সিকো। মনিটরে দেখে সিদ্ধান্ত দেন রেফারি। কেইনকে দেখান হলুদ কার্ড। ৬৯ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান ৩-২ করেন রাউল হিমেনেজ।

৮৫ মিনিটে মেক্সিকোর এক খেলোয়াড়ের শট রুখে দেন ইংলিশ গোলকিপার জর্ডান পিকফোর্ড। নির্ধারিত সময় শেষে হ্যারি কেইনের বদলে মাঠে নামেন মর্গান রজার্স।

যোগ করা সময় ছিল ১১ মিনিট। সপ্তম মিনিটে হিমেনেজের শট বারের অনেক উপর দিয়ে যায়। ম্যাচের মাত্র কয়েক সেকেন্ড আগে কর্নার পায় মেক্সিকো। সেই কর্নারে আবারও কর্নার পায় মক্সিকো। তবে পিকফোর্ড বল পাঞ্চ করে ডি বক্সের বাইরে পাঠানোর সঙ্গে সঙ্গে বাজে ম্যাচ শেষের বাঁশি। জয়ের উল্লাসে মাতে ১০ জনের ইংল্যান্ড ফুটবল দল।

কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ সময় ১১ জুলাই ইংল্যান্ড মুখোমুখি হবে ব্রাজিলকে হারানো নরওয়ের বিপক্ষে। অর্থাৎ কোয়ার্টার ফাইনালেই দেখা যাবে হ্যারি কেইন-আলিং হলান্ড লড়াই।

/টিই/