সিটি নির্বাচনে সর্বোচ্চ শক্তি দিয়ে কাজ করতে হবে: জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
সিটি নির্বাচনে সর্বোচ্চ শক্তি দিয়ে কাজ করতে হবে: জামায়াত আমির
বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান

বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দিনরাত এক করে সকললে কাজ করতে হবে। জাতীয় নির্বাচনের ভুলত্রুটি ও দুর্বলতাগুলো পর্যালোচনা করা হয়েছে। সেসব অভিজ্ঞতা কাজে লাগালে ভবিষ্যতে একই ভুলের পুনরাবৃত্তি হবে না।

শুক্রবার (২৩ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের রুকন সম্মেলনে এ কথা বলেন তিনি।

জামায়াত আমির বলেন, আমরা থামব না, আমাদের থামার সুযোগ নেই। সামনে সিটি নির্বাচনে আমাদের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ও দিনরাত এক করে কাজ করতে হবে। জাতীয় নির্বাচনের ভুলগুলো নিয়ে পর্যালোচনা হয়েছে। এবার এগুলোর আলোকে কাজ করলে আশা করি, আর ভুল হবে না।

তিনি বলেন, আমাদের মূল লক্ষ্য হলো আল্লাহর জান্নাতে যাওয়া। তিনি বিশ্বাস করেন, যারা দিন এনে দিন খান, আল্লাহর পথে তাদের অবদানও অত্যন্ত গুরুত্বপূর্ণ। ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে ৭০ ভাগ মানুষ অংশগ্রহণ করেছেন, যাঁরা দিন এনে দিন খান।

ডা. শফিকুর রহমান বলেন, আল্লাহ যাদের সম্পদ দিয়েছেন, তারা যেন তার নিয়ামতের যথাযথ কৃতজ্ঞতা আদায় করেন। জান্নাতের জন্য নিজেদের ঠিকানা তৈরি করতে হবে।

তিনি বলেন, নিজের চেয়ে জ্ঞান ও সম্পদের দিক থেকে দুর্বল মানুষের কথা বিবেচনা করতে হবে। মহান আল্লাহর দেওয়া নিয়ামতের জন্য চোখের পানি ফেলে তার শুকরিয়া আদায় করতে হবে এবং তার প্রতি কৃতজ্ঞ থাকতে হবে।

জামায়াত আমির বলেন, আল্লাহর সাহায্য ছাড়া আমরা কিছুই করতে পারব না। তাই প্রতি মুহূর্তে মহান আল্লাহর সাহায্য কামনা করতে হবে। মহান আল্লাহ যেন আমাদের সেই তাওফিক দান করেন।

ঢাকা মহানগরী উত্তর ও দক্ষিণের অতীত সাংগঠনিক পরিস্থিতির কথা তুলে ধরে তিনি বলেন, একসময় দুই মহানগরীর অবস্থাই অনেক দুর্বল ছিল। নেতা-কর্মীদের ত্যাগ, কোরবানি ও পরিশ্রমের মাধ্যমে আজকের এই অবস্থানে পৌঁছানো সম্ভব হয়েছে।

ডা. শফিকুর রহমান বলেন, জাতীয় নির্বাচনে জনগণ আমাদের ভোট দিয়েছেন, কিন্তু তা ছিনিয়ে নেওয়া হয়েছে। আল্লাহর শুকরিয়া যে মানুষ আমাদের এত ভালোবাসা দিয়েছেন। জাতীয় নির্বাচনে নিজেদের ভুলত্রুটি ও দুর্বলতার জায়গাগুলো চিহ্নিত করা গেছে। ভবিষ্যতে যেন একই ভুলের পুনরাবৃত্তি না হয়, সেদিকে সতর্ক থাকতে হবে।

তিনি বলেন, সিটি করপোরেশন নির্বাচনে যাদের প্রার্থী করা হয়েছে, তাদের মধ্যে আল্লাহর দেওয়া জ্ঞানের বড় নিয়ামত রয়েছে। জনগণকে সঙ্গে নিয়ে দুর্বৃত্তদের বিরুদ্ধে প্রাচীর গড়ে তুলতে হবে। কোনো চোরকে আর ছাড় দেওয়া হবে না।

বিরোধীদলীয় নেতা বলেন, এই দেশের জনগণই ঠিক করবেন, কারা দেশ পরিচালনা করবেন।

/এসবি/