শিরোনাম

প্রথমবার বিশ্বকাপে মালাউই

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
প্রথমবার বিশ্বকাপে মালাউই
বিশ্বকাপ নিশ্চিতের পর মালাউই ফুটবল দল

মানচিত্রে মালাউই বড় কোনো নাম নয়। অনেকে হয়তো চেনেই না দেশটিকে। আফ্রিকার ফুটবলেই তারা পড়ে থাকে আড়ালে। সেই দেশই এবার আলোকিত করবে বিশ্বকাপের মঞ্চ! উইমেন’স আফ্রিকা কাপ অব নেশন্সে দুর্দান্ত পথচলায় দলটি জায়গা করে নিয়েছে আগামী বছর হতে যাওয়া ফিফা উইমেন’স বিশ্বকাপে।

গ্রুপ পর্বে দারুণ চমক দেখানো মালাউই কোয়ার্টার ফাইনালে মরক্কোর রাবাতে ২-১ গোলে হারিয়েছে আফ্রিকা ফুটবলের প্রতিষ্ঠিত শক্তি ঘানাকে।

ফিফা উইমেন’স র‌্যাঙ্কিংয়ে মালাউই আছে ১৫৩ নম্বরে, আর ঘানা ৬০ নম্বরে!

মেয়েদের ফুটবলে মালাউই প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলে ২০০২ সালে। সেই দলটিই জায়গা করে নিলো বিশ্বমঞ্চে।

এবার উইমেন’স আফ্রিকা কাপ অব নেশন্সে প্রথম ম্যাচে মালাউই ৩-২ গোলে হারিয়েছে আসরের রেকর্ড ১০ বারের চ্যাম্পিয়ন ও র‌্যাঙ্কিংয়ে ১১৭ ধাপ এগিয়ে থাকা নাইজেরিয়াকে। পরের ম্যাচে তারা ৩-১ গোলে হারায় র‌্যাঙ্কিংয়ে ৫৪ ধাপ এগিয়ে থাকা মিসরকে।

গ্রপের শেষ ম্যাচে অবশ্য তারা হেরে যায় ৮৮ ধাপ এগিয়ে থাকা জাম্বিয়ার কাছে। তবে মুখোমুখি লড়াইয়ের ফলাফলে শীর্ষে থেকেই কোয়ার্টারে পা রাখে তারা। সেখানেও হারিয়ে দিল তিনবার বিশ্বকাপে খেলা ঘানাকে।

উইমেন’স আফ্রিকা কাপ অব নেশন্সের সেমি-ফাইনালে ওঠা চার দল সরাসরি খেলবে আগামী বিশ্বকাপে। মালাউইয়ের আগে বিশ্বকাপ নিশ্চিত করেছে আলজেরিয়া, মরক্কো ও ক্যামেরুন। ফাইনালে ওঠার লড়াইয়ে মালাউই খেলবে আলজেরিয়ার বিপক্ষে, স্বাগতিক মরক্কোর প্রতিপক্ষ ক্যামেরুন।

/টিই/