শিরোনাম

আর্জেন্টিনাকে ঠেকাতে এবার ইয়ামালের দ্বারস্থ আইশোস্পিড

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
আর্জেন্টিনাকে ঠেকাতে এবার ইয়ামালের দ্বারস্থ আইশোস্পিড
মার্কিন ইউটিউবার আইশোস্পিড (বাঁয়ে) ও লামিনে ইয়ামাল (ডানে)

ইংল্যান্ডকে বিদায় করে লিওনেল মেসির আর্জেন্টিনার টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে ওঠার ঘটনা কিছুতেই মেনে নিতে পারছেন না জনপ্রিয় মার্কিন স্ট্রিমার আইশোস্পিড। ক্রিশ্চিয়ানো রোনালদোর কট্টর অনুসারী হিসেবে পরিচিত এ ইউটিউবার এবার মেসির হাতে ট্রফি ওঠা আটকাতে স্প্যানিশ তরুণ তুর্কি লামিনে ইয়ামালের প্রতি আকুল আবেদন জানিয়েছেন। তার চাওয়া, যেকোনো মূল্যে ইয়ামাল যেন আর্জেন্টিনাকে টানা দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন হওয়া থেকে বিরত রাখেন।

বুধবার (১৫ জুলাই) নিজের ইউটিউব লাইভে এসে স্পিড সরাসরি ইয়ামালকে উদ্দেশ্য করে বলেন, স্পেনের এ তরুণ তারকার কাঁধে এখন বিশাল দায়িত্ব। তিনি মেসির বিশ্বকাপ জয় রুখে দিয়ে রোনালদোর ভক্তদের এক চরম মানসিক বিপর্যয় থেকে বাঁচানোর অনুরোধ জানান। আইশোস্পিডের আশঙ্কা, আর্জেন্টিনা এবারও শিরোপা জিতলে মেসির ঝুলিতে যাবে দুটি বিশ্বকাপ, অথচ তার প্রিয় তারকা রোনালদোকে ক্যারিয়ার শেষ করতে হবে কোনো বিশ্বকাপ ট্রফি ছাড়াই। আর এ সমীকরণ রোনালদোর একনিষ্ঠ সমর্থকদের জন্য একেবারেই মেনে নেওয়া অসম্ভব।

রোনালদোর প্রতি অন্ধ সমর্থনের কারণে ফুটবল বিশ্বে আইশোস্পিড অত্যন্ত সুপরিচিত এবং তার অনলাইন পরিচয়ের বড় অংশ জুড়েই থাকে পর্তুগিজ মহাতারকার বন্দনা। এবারের আসরে পর্তুগাল বিদায় নেওয়ার পর থেকেই মেসির প্রতিটি প্রতিপক্ষ দলকে সমর্থন জুগিয়েছেন তিনি। নকআউট পর্বে কেপ ভার্দে, মিসর ও ইংল্যান্ডের পক্ষে গলা ফাটিয়েও আর্জেন্টিনার জয়রথ থামাতে ব্যর্থ হন এ স্ট্রিমার। এমনকি সুইজারল্যান্ড ম্যাচের আগে 'রিভার্স জিংক্স'-এর আশায় আর্জেন্টিনার জার্সি গায়ে চাপিয়ে লাইভে এলেও ভাগ্য বদলায়নি। এবার তাই তার শেষ ভরসা পুরো টুর্নামেন্টে মাত্র এক গোল হজম করে ফাইনালে ওঠা স্পেন এবং দলটির ১৯ বছর বয়সী সেনসেশন লামিনে ইয়ামাল। শিরোপা নির্ধারণী ম্যাচে আলবিসেলেস্তেদের থামাতে এখন ইয়ামালের কাছেই কাকুতি-মিনতি করছেন এ মার্কিন ইউটিউবার।

/এমএকে/