এল ক্লাসিকোর আগে রিয়ালের বড় জয়, জোড়া গোল এমবাপ্পের

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
এল ক্লাসিকোর আগে রিয়ালের বড় জয়, জোড়া গোল এমবাপ্পের
কিলিয়ান এমবাপ্পের গোল উদযাপন

এল ক্লাসিকোর আগেই বড় জয় তুলে নিয়েছে রিয়াল মাদ্রিদ। কিলিয়ান এমবাপ্পের জোড়া গোলে সেভিয়াকে ৪-১ ব্যবধানে হারিয়েছে স্প্যানিশ জায়ান্টরা। রবিবার (১৮ অক্টোবর) নিজেদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে এ জয়ের ফলে লা লিগার পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে উঠে এসেছে রিয়াল।

ম্যাচটিতে আরদা গুলেরের চোখধাঁধানো গোলে এগিয়ে যাওয়ার পর ব্যবধান বাড়ান এমবাপ্পে। পরে ফরাসি তারকার আরেকটি গোলে জয় অনেকটাই নিশ্চিত হয়ে যায়। ইয়ান ডিওমান্দের দূরপাল্লার দুর্দান্ত শটও রিয়ালের বড় জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

এমবাপ্পের প্রথম গোলটি ছিল দেখার মতো। সেভিয়ার পেনাল্টি বক্সের প্রান্তে রুলেট টার্নে প্রতিপক্ষকে বোকা বানিয়ে বল জালে পাঠান তিনি। পরে পেনাল্টি থেকে পানেনকা কিকে নিজের দ্বিতীয় গোলটি করেন এই ফরাসি ফরোয়ার্ড।

এই জয়ের ফলে পয়েন্ট টেবিলে রিয়াল বেটিসকে পেছনে ফেলেছে রিয়াল মাদ্রিদ। শনিবার বার্সেলোনার কাছে ৫-২ গোলে হেরেছিল বেটিস। অন্যদিকে, এল ক্লাসিকোর আগে রিয়ালের চেয়ে ছয় পয়েন্টে এগিয়ে রয়েছে বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা। দুই দলের মাঝখানে দ্বিতীয় স্থানে রয়েছে আতলেতিকো মাদ্রিদ।

নিষেধাজ্ঞার কারণে এ ম্যাচে খেলতে পারেননি ব্রাজিলিয়ান উইঙ্গার ভিনিসিয়ুস জুনিয়র। গত সপ্তাহে প্রতিপক্ষের চুল টানার ঘটনায় লাল কার্ড দেখেছিলেন তিনি। তার অনুপস্থিতিতে বাঁ প্রান্তে ইয়ান ডিওমান্দেকে খেলান কোচ হোসে মরিনিয়ো। মিডফিল্ডের কেন্দ্রেও আরদা গুলেরকে সুযোগ দেন তিনি।

এদিকে, ভিনিসিয়ুসের লাল কার্ডকে ঘিরে স্পেনে রেফারিদের সিদ্ধান্ত নিয়ে বিতর্ক তৈরি হয়েছে, বিশেষ করে মাদ্রিদে। সান্তিয়াগো বার্নাব্যুতে উপস্থিত রিয়াল সমর্থকেরা লা লিগার সভাপতি হাভিয়ের তেবাসের বিরুদ্ধে স্লোগান দেন এবং ব্যানার প্রদর্শন করেন।

এর আগে তেবাস অভিযোগ করেছিলেন, রেফারিদের বিশ্বাসযোগ্যতা নষ্ট করতে রিয়াল মাদ্রিদের প্রচেষ্টা নাৎসি প্রচারমন্ত্রী জোসেফ গোয়েবলসের প্রচারণার কৌশলের সঙ্গে সাদৃশ্যপূর্ণ। এমন বিতর্কের মধ্যেই সেভিয়ার বিপক্ষে বড় জয় তুলে নিয়ে এল ক্লাসিকোর প্রস্তুতি সারল রিয়াল মাদ্রিদ।

/এফআর/