বিশ্বকাপে গ্রুপ চ্যাম্পিয়ন হতে চায় বাংলাদেশ

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
বিশ্বকাপে গ্রুপ চ্যাম্পিয়ন হতে চায় বাংলাদেশ
ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ ফুটবল দল

প্রথমবারের মতো অনূর্ধ্ব-১৫ ফেস্টিভ্যালকে বৈশ্বিক রুপ দিয়েছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। আজারবাইজানে ১৯১ দেশ ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালে অংশগ্রহণ করবে। ‘সি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ ওয়েলস, পর্তুগাল, বুরুন্ডি, ইন্দোনেশিয়া ও ফিজি।

১৯১ দেশ ৩২ গ্রুপে খেলছে। ৩২ গ্রুপের চ্যাম্পিয়ন নক আউটপর্বে উঠবে। গ্রুপ চ্যাম্পিয়ন না হতে পারা দলগুলো খেলবে প্লেট পর্যায়ে।

ফেস্টিভ্যালে বিশ মিনিট করে দুই অর্ধ। আট জনের স্কোয়াড। ২৫ ও ২৬ অক্টোবর একদিনে দুটি করে ম্যাচ। এ নিয়ে দলের কোচ আকবর হোসেন রিদন বলেন, ‘এক দিনে দুটি খেলা থাকবে, সেটা আমাদের জানা ছিল। সেই অনুযায়ী প্রস্তুতি নিয়েছি।’

বাংলাদেশের অধিনায়ক ফাহিম হাসান বিশ্বকাপে নিজেদের লক্ষ্য নিয়ে বলেন, ‘আমাদের প্রথম লক্ষ্য গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া। গ্রুপে সেরা হওয়ার জন্যই লড়বো।’

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক ফাহিমদের উৎসাহ দিয়ে বলেন‌, ‘এই ভবন ও ফুটবল আমার অস্তিত্ব। তোমাদের মতো আমিও এরকম চেয়ারে বসতাম। তোমরাই সামনে জাতীয় দলে খেলবে। ওয়েলস, পর্তুগালের মতো দলের সঙ্গে খেলার সুযোগ পাওয়া অনেক বড় ব্যাপার।’ আমিনুল হক জাতীয় দলের সাবেক গোলকিপার ছিলেন।

অধিনায়ক ফাহিম দলের সবার জন্য ভালো মানের বুট চান ক্রীড়া প্রতিমন্ত্রীর কাছে। দলের সবাইকে বুট ও দুই গোলরক্ষকের জন্য ভালো মানের গ্লাভস উপহার দেওয়ার ঘোষণা দেন প্রতিমন্ত্রী।

/টিই/