শিরোনাম

বিশ্বকাপ শুরুর আগেই ইংল্যান্ড দলের অনুশীলন সরঞ্জাম চুরি

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
বিশ্বকাপ শুরুর আগেই ইংল্যান্ড দলের অনুশীলন সরঞ্জাম চুরি
অনুশীলনে ইংলিশ ফুটবলাররা।

যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ মিশন শুরু করার আগেই বড়সড় এক ধাক্কা খেল ইংল্যান্ড ফুটবল দল। যুক্তরাষ্ট্রের কানসাস সিটিতে প্রথম বিশ্বকাপ অনুশীলনের আগেই বড় ধরনের চুরির শিকার হয়েছে দলটি। ফ্লোরিডার প্রাক-টুর্নামেন্ট বেস থেকে মিসৌরির সোপ সকার ভিলেজের প্রশিক্ষণ ক্যাম্পে সরঞ্জাম পরিবহনের সময় এ চুরির ঘটনা ঘটে। চুরি যাওয়া সামগ্রীর মধ্যে দলের তারকা খেলোয়াড়দের ম্যাচ খেলার বুট, অফিশিয়াল টুর্নামেন্ট বল এবং অনুশীলনের অন্যান্য প্রয়োজনীয় সরঞ্জাম রয়েছে বলে জানা গেছে।

এ অনাকাঙ্ক্ষিত নিরাপত্তা বিচ্যুতির ঘটনায় দ্রুত তদন্ত শুরু করেছে কানসাস সিটি পুলিশ বিভাগ। ইতোমধ্যে ঘটনার সাথে জড়িত সন্দেহে দুইজনকে আটক করা হয়েছে। পুলিশের এক মুখপাত্র সংবাদমাধ্যমকে জানিয়েছেন, অধিকতর তদন্তের জন্য দুই সন্দেহভাজনকে হেফাজতে নেওয়া হয়েছে। তবে এই বিষয়ে ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন এখনো কোনো মন্তব্য করেনি। চুরি যাওয়া সরঞ্জামগুলো দ্রুত ফিরে পেতে তারা এখন স্থানীয় পুলিশের সাথে যোগাযোগ রাখছে।

কোচ থমাস টুখেলের অধীনে ইংলিশ দলটি শনিবার (১৩ জুন) বিকেলেই তাদের প্রথম অনুশীলন সেশন করার কথা রয়েছে। বুধবার (১৭ জুন) ডালাসে ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের বিশ্বকাপ মিশন শুরু হবে। ১৯৬৬ সালের পর প্রথম কোনো বড় শিরোপা জয়ের লক্ষ্যে দলটি অত্যন্ত নিখুঁত পরিকল্পনা সাজিয়েছে। কিন্তু টুর্নামেন্ট শুরুর ঠিক আগমুহূর্তে এ চুরির ঘটনা টিম ম্যানেজমেন্টকে বেশ বড়সড় ঝামেলায় ফেলেছে।

অবশ্য এর আগে ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচের ক্যাম্পে দলের আবহ ছিল বেশ ইতিবাচক। সেখানে প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড ও কোস্টারিকার বিপক্ষে জয় পায় ইংল্যান্ড। বিশেষ করে কোস্টারিকার বিরুদ্ধে ম্যাচে জুড বেলিংহামের চমৎকার পারফরম্যান্স ক্রোয়েশিয়ার বিপক্ষে মূল একাদশে মরগান রজার্সের জায়গায় তাকে ১০ নম্বর পজিশনে খেলার দৌড়ে এগিয়ে রেখেছে। তবে বুকাও সাকা এখনো গোড়ালির চোটে ভুগছেন, যা তার ম্যাচ ফিটনেস নিয়ে উদ্বেগ বাড়িয়েছে। অন্যদিকে রক্ষণভাগে মার্ক গুয়েহির পরিবর্তে এজরি কনসা ও জন স্টোন্সের শুরুর একাদশে থাকার জোরালো সম্ভাবনা রয়েছে।

/এমএকে/