শিরোনাম

প্যারাগুয়েকে উড়িয়ে দিয়ে বিশ্বকাপে দারুণ শুরু যুক্তরাষ্ট্রের

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
প্যারাগুয়েকে উড়িয়ে দিয়ে বিশ্বকাপে দারুণ শুরু যুক্তরাষ্ট্রের
প্যারাগুয়ের বিপক্ষে ৪-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিক যুক্তরাষ্ট্র।

ঘরের মাঠে প্যারাগুয়েকে বড় ব্যবধানে হারিয়ে জয় দিয়ে বিশ্বকাপ শুরু করেছে স্বাগতিক যুক্তরাষ্ট্র। লস অ্যাঞ্জেলেসের সোফি স্টেডিয়ামে বাংলাদেশ সময় শনিবার (১৩ জুন) সকাল ৭টায় অনুষ্ঠিত ম্যাচে প্যারাগুয়েকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে যুক্তরাষ্ট্র। পুরো ম্যাচজুড়ে দাপুটে ও আক্রমণাত্মক ফুটবল খেলে মাঠ ছাড়ে স্বাগতিকরা।

ম্যাচের শুরু থেকেই প্রতিপক্ষের রক্ষণভাগে কাঁপন ধরায় মার্কিন ফুটবলাররা। দ্বিতীয় মিনিটেই কিক-অফ থেকে লম্বা পাসে আক্রমণ শানিয়ে প্যারাগুয়েকে কোণঠাসা করার চেষ্টা করে তারা। ম্যাচের সপ্তম মিনিটে প্রথম সাফল্যের দেখা পায় স্বাগতিকরা। ক্রিশ্চিয়ান পুলিসিক ও ওয়েস্টন ম্যাককেনির দারুণ যৌথ আক্রমণ সামলাতে গিয়ে বিপত্তি ঘটান প্যারাগুয়ের মিডফিল্ডার ডামিয়ান বোবাদিয়া। বল ক্লিয়ার করতে গিয়ে উল্টো নিজেদের জালেই জড়িয়ে দেন তিনি। এ আত্মঘাতী গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় যুক্তরাষ্ট্র।

এক গোল হজমের পর ম্যাচে ফেরার চেষ্টা করে প্যারাগুয়ে। ম্যাচের ১৪ মিনিটে হুলিও এনসিসো দূরপাল্লার শটে চেষ্টা করলেও তা পোস্টের সামান্য বাইরে দিয়ে চলে যায়। এর কিছুক্ষণ পর ২৮ মিনিটে যুক্তরাষ্ট্রের ফোলারিন বালোগুন বল জালে জড়ালেও অফসাইডের কারণে গোলটি বাতিল হয়। তবে এর তিন মিনিট পরেই ৩১তম মিনিটে পুলিসিকের চমৎকার পাস থেকে বল পেয়ে ডান পায়ের নিখুঁত শটে ব্যবধান ২-০ করেন বালোগুন। প্রথমার্ধের যোগ করা সময়ে (৪৫+৫ মিনিটে) মালিক টিলম্যানের অ্যাসিস্ট থেকে নিজের দ্বিতীয় গোলটি করেন বালোগুন, যার ফলে ৩-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় স্বাগতিকরা।

দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়াতে মরিয়া প্যারাগুয়ে ম্যাচের ৭৩ মিনিটে একটি গোল শোধ করে। দলের পক্ষে একমাত্র ব্যবধান কমানো গোলটি করেন হুলিও এনসিসো। তবে ম্যাচের একেবারে অন্তিম মুহূর্তে, অর্থাৎ ৯০ মিনিটে আরও একবার প্যারাগুয়ের জালে বল পাঠায় যুক্তরাষ্ট্র। ফলে ৪-১ গোলের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিক যুক্তরাষ্ট্র।

/এমএকে/