এমবাপেকে ২৮ পয়েন্টে হারিয়ে ব্যালন ডি’অর জিতেছেন কেইন, অন্যরা কে কত

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
এমবাপেকে ২৮ পয়েন্টে হারিয়ে ব্যালন ডি’অর জিতেছেন কেইন, অন্যরা কে কত
২০২৬ ব্যালন ডি’অর জয়ী হ্যারি কেইন

ব্যালন ডি’অরের লড়াইয়ে শেষ হাসি হাসলেন ইংলিশ তারকা হ্যারি কেইন। তবে শিরোপা জয়ের পথটা যে মোটেও সহজ ছিল না, তা স্পষ্ট হয়েছে ভোটের পূর্ণাঙ্গ হিসাব প্রকাশের পর। বায়ার্ন মিউনিখের এই ফরোয়ার্ড মাত্র ২৮ পয়েন্টের ব্যবধানে পেছনে ফেলেছেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপেকে। এর মধ্য দিয়ে ক্যারিয়ারে প্রথমবারের মতো ফুটবলের মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কারটি নিজের করে নিয়েছেন হ্যারি কেইন।

শুক্রবার (৩০ অক্টোবর) ২০২৬ সালের ব্যালন ডি’অরের বিস্তারিত ভোটের ফল প্রকাশ করে ফ্রান্স ফুটবল সাময়িকী।

প্রকাশিত তালিকা অনুযায়ী, ১ হাজার ৫৫ পয়েন্ট পেয়ে সবার ওপরে রয়েছেন কেইন, ১ হাজার ২৭ পয়েন্টে নিয়ে দ্বিতীয় হয়েছেন রিয়াল মাদ্রিদের এমবাপে, ৮৮১ পয়েন্ট নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছেন বার্সেলোনার স্প্যানিশ তরুণ লামিনে ইয়ামাল, ৭২৬ পয়েন্ট নিয়ে চতুর্থ হয়েছেন স্পেনের আরেক তারকা রদ্রি, ৬১২ পয়েন্ট নিয়ে পঞ্চম অবস্থানে রয়েছেন আর্জেন্টিনার লিওনেল মেসি, ৫৪১ পয়েন্ট নিয়ে ৬ষ্ঠ হয়েছেন পিএসজির খভিচা কাভারাস্কেইয়া, ৪১৮ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে উসমান দেম্বেলে, ৩৭৮ পয়েন্ট নিয়ে অষ্টম অবস্থানে ম্যানচেস্টার সিটির আর্লিং হলান্ড, ২৯৬ পয়েন্ট নিয়ে নবম বায়ার্ন মিউনিখের মাইকেল ওলিসে এবং ২০১ পয়েন্ট নিয়ে দশম হয়েছেন পিএসজির ফাবিয়ান রুইজ ।

অন্যদিকে, শীর্ষ দশে জায়গা হয়নি রিয়াল মাদ্রিদের জুড বেলিংহাম ও ভিনিসিয়ুস জুনিয়রের। ১০৭ পয়েন্ট নিয়ে বেলিংহামের অবস্থান ১১তম। আর মাত্র ২৬ পয়েন্ট পেয়ে ১৭তম হয়েছেন ভিনিসিয়ুস। তালিকার ২২তম স্থানে থেকে ভোট শেষ করেছেন আর্জেন্টিনার লাউতারো মার্তিনেস। তার সংগ্রহ ১১ পয়েন্ট।

গত সোমবার (২৬ অক্টোবর) লন্ডনের প্যালাডিয়াম থিয়েটারে বসেছিলো ব্যালন ডি’অরের ৭০তম আসর। সেখানেই বিজয়ী হিসেবে কেইনের নাম ঘোষণা করা হয়। ২০০১ সালে মাইকেল ওয়েনের পর দ্বিতীয় ইংলিশ ফুটবলার হিসেবে এই পুরস্কার জিতলেন তিনি। তবে ঘোষণার দিন ভোটের বিস্তারিত প্রকাশ না করায় দুই প্রতিদ্বন্দ্বীর মধ্যে পয়েন্টের ব্যবধান নিয়ে নানা আলোচনা চলছিলো।

ভোটের পরিসংখ্যানে দেখা গেছে, প্রথম পছন্দের ভোটেও এমবাপেকে ছাড়িয়ে গেছেন কেইন। ১০০ জন সাংবাদিক ভোটারের মধ্যে ৪০ জনের প্রথম পছন্দ ছিলেন বায়ার্ন তারকা। অন্যদিকে এমবাপেকে প্রথম স্থানে রেখেছেন ২৩ জন। ইয়ামালকে শীর্ষ পছন্দ হিসেবে ভোট দিয়েছেন ১৩ জন সাংবাদিক।

ফ্রান্স ফুটবলের প্রধান সম্পাদক ভিনসেন্ট গার্সিয়া জানান, গণনার একপর্যায়ে এমবাপে পয়েন্টের হিসাবে এগিয়ে গিয়েছিলেন। কিন্তু পরবর্তী সময়ে ভোটের হিসাব বদলে যাওয়ায় শেষ পর্যন্ত তাকে টপকে যান কেইন। ফলে খুব অল্পের জন্য প্রথম ব্যালন ডি’অর জয়ের স্বপ্ন পূরণ হয়নি ফরাসি ফরোয়ার্ডের।

/এসবি/