শিরোনাম

বাছাই পর্বের শেষটা রাঙাতে পারলো না বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক
বাছাই পর্বের শেষটা রাঙাতে পারলো না বাংলাদেশ
বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচ। ছবি: বাফুফে

বাংলাদেশের লক্ষ্য ছিল এশিয়ান কাপ বাছাইয়ে নিজেদের শেষ ম্যাচে সিঙ্গাপুরকে হারিয়ে মিশন শেষ করার। তবে প্রথমার্ধের শেষ দিকে গোল হজম করে বসলো হাভিয়ের কাবরেরার দল। দ্বিতীয়ার্ধে বাংলাদেশ দল বেশ কিছু সুযোগ পেলো। একটি শট লাগে গোল পোস্টে। তবে শেষ পর্যন্ত সিঙ্গাপুর ১-০ ব্যবধানে ম্যাচটা জিতেছে। ফলে বাংলাদেশের বাছাইয়ের শেষটা হলো হারের বিষাদ নিয়ে।

এ নিয়ে দুই লেগেই সিঙ্গাপুরের কাছে হারলো কাবরেরার দল। প্রথম লেগে ঢাকায় বাংলাদেশ হারে ২-১ ব্যবধানে।

‘সি’ গ্রুপের শীর্ষে থেকে বাছাই পেরিয়ে মূল পর্বে জায়গা করে নেওয়া সিঙ্গাপুর জয় নিয়েই শেষ করল বাছাই। ৬ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে টেবিলে আপাতত তৃতীয় স্থানে আছে বাংলাদেশ। দলের চাওয়া ছিল, বাছাই পেরোনোর মূল চাওয়া পূরণ না হলেও শেষটা রাঙানোর, কিন্তু হলো না। এক জয়, দুই ড্র ও তিন হার নিয়ে বাছাই শেষ হলো।

দুটি পরিবর্তন এনে সিঙ্গাপুর ম্যাচের একাদশ সাজান বাংলাদেশের কোচ কাবরেরা। ভিয়েতনামের বিপক্ষে সবশেষ প্রীতি ম্যাচে পোস্ট সামলানো মেহেদী হাসান শ্রাবণের জায়গায় ফিরেন নিয়মিত গোলকিপার মিতুল মারমা। আক্রমণভাগে মিরাজুল ইসলামের বদলে সুযোগ পান শেখ মোরসালিন।

ম্যাচের ১৫ মিনিটে সাদউদ্দিনের ক্রসে শোমিত সোম হেড করলেও পোস্টের অনেক বাইরে দিয়ে যায়। ২৪ মিনিটে সোহেল রানার দূরপাল্লার শট উড়ে যায় ক্রসবারের উপর দিয়ে।

বাংলাদেশ পিছিয়ে পড়ে ৩১তম মিনিটে। মাঝমাঠ থেকে আসা ক্রস নিয়ন্ত্রণে নিয়ে গ্লেইন কিউইর শট মিতুল ঝাঁপিয়ে ফেরালেও পুরোপুরি বিপদমুক্ত করতে পারেননি। বল ইখসান ফান্দির পা হয়ে চলে যায় হ্যারিসের কাছে, কোনাকুণি শটে মিতুলকে পরাস্ত করেন তিনি।

৩৯ মিনিটে সুবর্ণ সুযোগ পায় বাংলাদেশ। মোরসালিনের শট সাফওয়ান বাহার উদ্দিন ব্লক করার পর সুযোগ আসে ফাহিমের সামনে, কিন্তু শট নেওয়ার আগে উঠে দাঁড়ানো বাহার উদ্দিনের গায়ে লেগে পড়ে যান। বাংলাদেশ পেনাল্টির আবেদন করলেও সাড়া মেলেনি। একটু পর হামজার ফ্রি কিক হেডে ফেরান এক ডিফেন্ডার, সাদউদ্দিনের শটও যায় পোস্টের বাইরে।

৭৪ মিনিটে সতীর্থের থ্রু পাসের নাগাল ইলহান পাওয়ার আগেই পোস্ট ছেড়ে দারুণ ক্ষিপ্রতায় বেরিয়ে এসে আটকান মিতুল। এরপর পাল্টা আক্রমণে সাদউদ্দিনের পাস ধরে বিশ্বনাথের আড়াআড়ি ক্রসে হামজার শট দূরের পোস্টের বাইরে দিয়ে যায়।

বাংলাদেশের হতাশা বাড়ে ৭৯ মিনিটে। হামজার ক্রসে মিরাজুলের প্লেসিং শট পোস্ট কাঁপিয়ে ফেরে। আক্রমণের গতি বাড়াতে জায়ান আহমেদ ও সোহেল রানাকে তুলে কাজেম শাহ কিরমানি ও রহমত মিয়াকে নামান কাবরেরা। একটু পরই থ্রো ইনের পর বক্সের জটলার মধ্য থেকে ইমন, সাদ, সমিত কেউ পারেননি দরকারি টোকা দিতে।

/টিই/