চূড়ান্ত ভোটার তালিকা ২৫ নভেম্বর, ঠিকানা পরিবর্তনের আবেদন ৩১ অক্টোবর

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
চূড়ান্ত ভোটার তালিকা ২৫ নভেম্বর, ঠিকানা পরিবর্তনের আবেদন ৩১ অক্টোবর
বাংলাদেশ নির্বাচন কমিশন

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সামনে রেখে ভোটার তালিকা প্রকাশের নতুন সময়সূচি নির্ধারণ করেছে নির্বাচন কমিশন (ইসি)। সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৫ নভেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে ২৫ নভেম্বর।

শনিবার (১৭ অক্টোবর) পৃথক চিঠির মাধ্যমে ইসির এ সিদ্ধান্ত মাঠপর্যায়ের কর্মকর্তাদের জানানো হয়েছে।

ইসি সূত্রে জানা গেছে, ভোটারদের ঠিকানা বা ভোটার এলাকা পরিবর্তনের জন্য আবেদনের শেষ সময় ৩১ অক্টোবর। এসব আবেদন আগামী ৫ নভেম্বরের মধ্যে নিষ্পত্তি করতে হবে।

নির্বাচন কমিশনের পরিকল্পনা অনুযায়ী, আগামী ২১ জানুয়ারি প্রথম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এবার পাঁচ ধাপে ইউপি নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে। প্রথম ধাপের নির্বাচনের তফসিল আগামী ডিসেম্বরে ঘোষণা করা হতে পারে। এ নির্বাচন সামনে রেখেই ভোটার তালিকা চূড়ান্ত করার নতুন সময়সূচি নির্ধারণ করেছে কমিশন।

ইসির চিঠিতে বলা হয়েছে, ২০০৮ সালের ৩১ অক্টোবর বা তার আগে যাদের জন্ম, তারা নতুন ভোটার হিসেবে নিবন্ধিত হতে পারবেন। আগামী ৫ নভেম্বর সারা দেশে খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। তালিকায় কোনো ভুল বা অসংগতি থাকলে ২০ নভেম্বরের মধ্যে দাবি-আপত্তি জানানো যাবে।

এসব দাবি-আপত্তি নিষ্পত্তির শেষ সময় ২৪ নভেম্বর। পরদিন, ২৫ নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।

এর আগে গত সেপ্টেম্বরে ভোটার এলাকা পরিবর্তনের আবেদনের সময় শেষ হয়েছিল। সে সময় নভেম্বর মাসে ইউপি নির্বাচন আয়োজনের পরিকল্পনা ছিল নির্বাচন কমিশনের। তবে নির্বাচনের সময় পিছিয়ে যাওয়ায় ভোটার তালিকা চূড়ান্ত করার সময়সূচিও পরিবর্তন করা হয়েছে।

/এমআর/