শিরোনাম

সুন্দর ফুটবলের চেয়ে জয় নিশ্চিত করা গুরুত্বপূর্ণ: বাটলার

সিটিজেন স্পোর্টস ডেস্ক
সুন্দর ফুটবলের চেয়ে জয় নিশ্চিত করা গুরুত্বপূর্ণ: বাটলার
অধিনায়ক মারিয়া মান্দা এবং কোচ পিটার বাটলার। ছবি: বাফুফে

সাফ নারী ফুটবলে হ্যাটট্রিক শিরোপা জয়ের লক্ষ্যে শনিবার (৬ জুন) স্বাগতিক ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। তার আগে আজ শুক্রবার (৫ জুন) সংবাদ সম্মেলনে কথা বলেছেন দুই দলের কোচ ও অধিনায়ক।

সংবাদ সম্মেলনে বাংলাদেশের কোচ পিটার বাটলার জানিয়ে দিলেন, ফাইনালে নান্দনিকতার চেয়ে তার কাছে ফলাফলই শেষ কথা।

বাটলার বলেন, ‘যখন আপনি প্রতিযোগিতামূলক টুর্নামেন্ট খেলেন, তখন সুন্দর ফুটবল খেলার চেয়ে গুরুত্বপূর্ণ হলো জয় নিশ্চিত করা। অনেক বড় বড় দলও সেমিফাইনাল বা ফাইনালের পথে সেরা ফুটবল খেলে না, বরং পরিস্থিতি সামলে কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করাই আসল।’

ঋতুপর্ণা চাকমা ম্যাচ উইনার হতে পারেন, তবে বাংলাদেশ দলে কোনো ব্যক্তিকেন্দ্রিক ‘সুপারস্টার’ সংস্কৃতিতে বিশ্বাসী নন বাটলার। পুরো দলকে একসুতোয় বাঁধতে বাটলার বলেন, ‘আমি কোনো সুপারস্টার নিয়ে কাজ করি না। আমি দলকে সব সময় বিনয়ী ও নম্র থাকতে বলি এবং ধাপে ধাপে চ্যালেঞ্জগুলো মোকাবিলা করতে শেখাই।’

চলতি টুর্নামেন্টে শুরুর একাদশ নিয়ে বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা করতে দেখা গেছে দলকে। ফাইনালের আগেও নিজের সেই আক্রমণাত্মক ও সাহসী কৌশল ধরে রাখার ইঙ্গিত মিলেছে কোচের কথায়। বাটলার বলেন, ‘আমরা সেমিফাইনাল ও ফাইনালের কথা মাথায় রেখেই ধাপে ধাপে এগিয়েছি এবং বিভিন্ন দল সাজিয়েছি। আমি প্রয়োজনে দ্রুত খেলোয়াড় পরিবর্তন করতে ভয় পাই না, কারণ আমাদের এমন খেলোয়াড় দরকার, যারা মাঠের খেলায় তাৎক্ষণিক প্রভাব ফেলতে পারে।’

ভারত টুর্নামেন্টে এখন পর্যন্ত তিন ম্যাচে কোনো গোল হজম করেনি। ম্যাচে আক্রমণাত্মক খেলবে বাংলাদেশ দল তা কোচের কথায় অনুমান করা যায়। বাটলার বলেন, ‘এটি ফাইনাল ম্যাচ, আমাদের জন্য এটি ‘জীবন-মরণ’ লড়াই। আমাদের আক্রমণাত্মক মানসিকতা নিয়ে মাঠে নামতে হবে।’

এবার নারী সাফে বাংলাদেশ ও ভারত ছিল একই গ্রুপে। গ্রুপ পর্বের খেলায় ভারত ৩-০ তে হারিয়েছে বাংলাদেশকে। এবার ফাইনালে প্রতিশোধ নিতে পারবে বাটলারের দল।

/টিই/