শিরোনাম

আমাদের অর্জনের কথা ভাবলে চোখ ভিজে ওঠে: মার্তিনেজ

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
আমাদের অর্জনের কথা ভাবলে চোখ ভিজে ওঠে: মার্তিনেজ
আর্জেন্টিনার তারকা গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ

বিশ্বকাপ ফাইনালে স্পেনের বিপক্ষে মাঠে নামার আগে আবেগ ধরে রাখতে পারলেন না আর্জেন্টিনার তারকা গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ। শুক্রবার (১৭ জুলাই) নিউইয়র্কে এক সংবাদ সম্মেলনে এই ফুটবলার জানান, বিগত বছরগুলোতে দলের একের পর এক অবিস্মরণীয় অর্জনের কথা একা একা ভাবলে এখনো তার চোখ ভিজে ওঠে। তবে তীব্র আবেগের মধ্যেও টানা দ্বিতীয়বারের মতো বিশ্বজয়ের মুকুট ধরে রাখতে তিনি পুরোপুরি প্রস্তুত ও মনোযোগী।

মার্তিনেজ জানান, তিনি এখন শুধুই ট্রফি জয়ের দিকে তাকিয়ে আছেন। গত কয়েক বছরে পুরো দল যেভাবে ধাপে ধাপে উন্নতি করেছে, তা সত্যিই অবিশ্বাস্য। ফুটবলার হিসেবে অনেক সময় তারা নিজেরাও বুঝতে পারেন না যে ক্যারিয়ারের কতটা উঁচুতে তারা দাঁড়িয়ে আছেন। সতীর্থদের প্রতি এ তারকার স্পষ্ট বার্তা- সব চাপ ভুলে ঐতিহাসিক মুহূর্তটি যেন তারা মন খুলে উপভোগ করেন এবং মুখে হাসি নিয়ে ফাইনালের প্রস্তুতি নেন।

২০২২ সালের কাতার বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সের বিপক্ষে শেষ মুহূর্তের অবিশ্বাস্য সেভের কথা স্মরণ করে ‘দিবু’ বলেন, ফাইনালে শেষ মুহূর্তে গোল হজম করলে সাধারণত ম্যাচ হারার সম্ভাবনাই বেশি থাকে। সৌভাগ্যবশত সেদিন তিনি গোলটি আটকে দিতে পেরেছিলেন।

গত মে মাসে ক্লাবের হয়ে খেলার সময় আঙুলের চোট নিয়ে এবারের আসরে এলেও, কাতার বিশ্বকাপের চেয়ে এ সফরটি তিনি অনেক বেশি উপভোগ করছেন। মার্তিনেজের বিশ্বাস, সময়ের সঙ্গে সঙ্গে তার বল পাসিং ও মাঠে সঠিক সিদ্ধান্ত নেওয়ার দক্ষতা আরও উন্নত হয়েছে। আর্জেন্টিনার হয়ে নিজের পঞ্চম ফাইনাল খেলতে পারায় তিনি চিরকৃতজ্ঞ।

ফাইনালে স্পেনকে হারাতে পারলে ১৯৬২ সালের ব্রাজিলের পর প্রথম দল হিসেবে টানা দুবার বিশ্বকাপ জয়ের অনন্য এক কীর্তি গড়বে আর্জেন্টিনা। ভবিষ্যৎ প্রজন্মের কাছে নিজেদের লিগ্যাসি কেমন হবে- এমন প্রশ্নের জবাবে মার্তিনেজ জানান, তাদের দলের প্রতিটি খেলোয়াড় সাধারণ মধ্যবিত্ত পরিবার থেকে কঠোর পরিশ্রমের মাধ্যমে উঠে এসেছেন। তাই তিনি চান, বিশ্ববাসী আর্জেন্টিনার মানুষকে এমন এক লড়াকু জাতি হিসেবে মনে রাখুক, যারা কঠিন পরিস্থিতিতেও কখনো পরাজয় মেনে নেয় না এবং যেকোনো উপায়ে ঠিকই জয়ের পথ খুঁজে নেয়।

/এমএকে/