শিরোনাম

ইনফান্তিনোর বিরুদ্ধে ৩ ফেডারেশনের অভিযোগ

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
ইনফান্তিনোর বিরুদ্ধে ৩ ফেডারেশনের অভিযোগ
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো

তীব্র সমালোচনার মুখে বিশ্বকাপের স্বত্ব বিক্রির পরিকল্পনা থেকে সরে এলেও, ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে অভিযোগ করেছে উয়েফা, কনক্যাকাফ ও এএফসি। ফিফা বিতর্কিত ওই পরিকল্পনা করে ‘বিশ্বাস ভেঙেছে এবং প্রতারণা করেছে’ বলে অভিযোগ তিন ফেডারেশনের।

বিশ্বকাপসহ বিভিন্ন ইভেন্ট পরিচালনার জন্য একটি নতুন সংস্থার প্রায় ২০ শতাংশ অংশীদারিত্ব বিক্রি করে ৪.২ বিলিয়ন ডলার পর্যন্ত তহবিল সংগ্রহ করার পরিকল্পনা করে ফিফা।

প্রস্তাবটি সামনে আসার পরই ব্যাপক বিরোধিতার মুখে পড়ে। সমালোচনার নিশানা হন ফিফা সভাপতি ইনফান্তিনো। উয়েফা তো বিশ্বকাপসহ ফিফার সব আসর বর্জনের হুমকিও দেয়। পরিস্থিতি বেগতিক বুঝে, নিজেদের সিদ্ধান্ত থেকে সরে আসে ফিফা।

ইনফান্তিনোকে লক্ষ্য করে, ফুটবল পরিবারের উদ্দেশ্যে উয়েফা, কনক্যাকাফ ও এএফসির লেখা একটি খোলা চিঠি সোমবার (১০ আগস্ট) প্রকাশ্যে এসেছে।

চিঠিতে লেখা, ‘পুরো ব্যাপারটি (ফুটবলের) মৌলিক বিষয়: খেলাটির বিশুদ্ধতা এবং এর নেতৃত্ব দেওয়ার জন্য যারা নির্বাচিত হয়েছেন তাদের সততার বিষয়। ফুটবলের নেতৃত্ব কোনোভাবে দখল নেওয়ার ব্যাপার নয়। এটা নিয়ন্ত্রণে নেওয়া বা ক্ষমতা ধরে রাখারও ব্যাপারও নয়। এটা ফুটবল পরিবারের প্রতি দায়িত্ব পালনের ব্যাপার, যে দায়িত্ব (একজনের প্রতি) অর্পিত হয়েছে।

প্রতারণা করার ফলে যখন বিশ্বাস ভেঙে যায়, যখন কোনো ব্যক্তি কর্তৃত্ব সহকারে নিজেকে সবকিছুর উর্ধে ভাবতে শুরু করে, তখন (তার ওপর অর্পিত) মূল দায়িত্বটাই অবহেলিত রয়ে যায়।’

একটি সংবাদ সংস্থার বরাত দিয়ে ইএসপিএন লিখেছে, ওই তিন সংস্থা নিজেদের মধ্যে টুর্নামেন্ট আয়োজনের ব্যাপারে প্রাথমিক আলোচনাও করেছে।

/টিই/