শিরোনাম

বিশ্বকাপ প্রথম ম্যাচেই জেতা যায় না: আনচেলত্তি

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
বিশ্বকাপ প্রথম ম্যাচেই জেতা যায় না: আনচেলত্তি
ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি

বিশ্বকাপে গ্রুপ ‘সি’ তে নিজেদের প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে ব্রাজিল। ম্যাচে ৫১ শতাংশ সময় বল ছিল ব্রাজিলের দখলে। তাদের নেওয়া ১২ শটের পাঁচটি ছিল লক্ষ্যে। মরক্কোর নেওয়া ১৪ শটের তিনটি ছিল লক্ষ্যে।

এমন পরিসংখ্যানের পরও বলতে হবে নিজেদের সেরা ছন্দে ছিল না সেলেসাওরা। ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি স্বীকার করেছেন, প্রথমার্ধে দলের খেলা তার পছন্দ হয়নি।

ম্যাচ শেষে আনচেলত্তি বলেন, ‘প্রথমার্ধের খেলাটা আমাদের ভালোভাবে মূল্যায়ন করতে হবে। দল ভালো খেলেনি। অপ্রয়োজনীয় ফাউল করেছি, অনেক বল হারিয়েছি। এই জায়গাগুলোতে আমাদের উন্নতি করতে হবে।’

দ্বিতীয়ার্ধে খেলায় উন্নতি হয়েছে বলে দাবি করেন আনচেলত্তি। তিনি বলেন, ‘দ্বিতীয়ার্ধে ভালো খেলেছি। এই ফল আমরা মেনে নিচ্ছি, যা মোটেও খারাপ নয়। পরের ম্যাচে আমরা আরও লড়াই করবো। বিশ্বকাপ তো প্রথম ম্যাচেই জেতা যায় না।’

ম্যাচের কোন দিকটি ভালো লেগেছে এমন প্রশ্নে আনচেলত্তির উত্তর, ‘দল শেষ মিনিট পর্যন্ত লড়েছে। ইতিবাচক বিষয় হলো, আমাদের কোথায় উন্নতি করতে হবে, সেটা এখন পরিষ্কার।’

মরক্কোর বিপক্ষে ম্যাচে ব্রাজিলকে পয়েন্ট এনে দিয়েছেন ভিনিসিয়ুস। তার পারফরম্যান্স নিয়ে আনচেলত্তি বলেন, ‘ভিনি ভালো খেলেছে, সে বিপজ্জনক ছিল। তার যে মান ও সামর্থ্য, আমি বিশ্বাস করি সে দারুণ একটি বিশ্বকাপ কাটাবে।’

‘বি’ গ্রুপে ব্রাজিল পরবর্তী ম্যাচ খেলবে হাইতির বিপক্ষে আগামী শনিবার বাংলাদেশ সময় সকাল ৭টায়।

/টিই/