শিরোনাম

৩ ম্যাচ নিষিদ্ধ আফ্রিকান মিডফিল্ডার জোয়ানে

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
৩ ম্যাচ নিষিদ্ধ আফ্রিকান মিডফিল্ডার জোয়ানে
বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে থেম্বা জোয়ানেকে লালকার্ড দেখান রেফারি।

হার দিয়ে ২০২৬ ফিফা বিশ্বকাপ শুরুর পর আরও বড় এক ধাক্কা খেল দক্ষিণ আফ্রিকা। মেক্সিকোর বিপক্ষে উদ্বোধনী ম্যাচে লাল কার্ড দেখার দায়ে দলের অভিজ্ঞ মিডফিল্ডার থেম্বা জোয়ানেকে তিন ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে ফিফার শৃঙ্খলা কমিটি। এর ফলে ৩৬ বছর বয়সী এ তারকাকে ছাড়াই গ্রুপ পর্বের বাকি ম্যাচগুলো খেলতে হবে বাফানা বাফানাদের। গোল ডটকমের এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

আন্তর্জাতিক ক্যারিয়ারে ৫৫ ম্যাচে ১২ গোল করা জোয়ানের এ শাস্তি দলের জন্য বড় এক ধাক্কা। ১১ জুন মেক্সিকোর আজতেকা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ৬১ মিনিটে বদলি হিসেবে মাঠে নেমেছিলেন তিনি। কিন্তু মাঠে নামার মাত্র ২৩ মিনিটের মাথায়, অর্থাৎ ৮৪ মিনিটে মেক্সিকোর রবের্ত আলভারাদোকে ফাউল করার অপরাধে ভিএআর পর্যালোচনার পর তাকে সরাসরি লাল কার্ড দেখান রেফারি। ফিফা এ ফাউলটিকে ‘গুরুতর’ হিসেবে বিবেচনা করে তার স্বাভাবিক এক ম্যাচের নিষেধাজ্ঞা বাড়িয়ে তিন ম্যাচ করেছে। যদিও দক্ষিণ আফ্রিকা চাইলে এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করতে পারবে। ম্যাচে জোয়ানের পারফরম্যান্সও ছিল হতাশাজনক। পুরো সময়ে মাত্র আটবার বল ছুঁয়ে পাঁচটি সফল পাস দিতে পেরেছিলেন তিনি, জিততে পারেননি কোনো গ্রাউন্ড ডুয়েলেও।

তবে দক্ষিণ আফ্রিকার কোচ হুগো ব্রুস এ সিদ্ধান্তের তীব্র সমালোচনা করে একে ‘অতিরিক্ত কঠোর’ বলে আখ্যা দিয়েছেন। ব্রুসের দাবি, মেক্সিকোর খেলোয়াড়ই প্রথমে তার খেলোয়াড়কে বাধা দিচ্ছিল। অবশ্য একই ম্যাচে লাল কার্ড পাওয়া আরেক খেলোয়াড় ফেলেলো সিথোলের শাস্তি মেনে নিয়েছেন কোচ। জোয়ানের এ অনাকাঙ্ক্ষিত অনুপস্থিতি দক্ষিণ আফ্রিকার নকআউট পর্বে ওঠার সমীকরণ আরও কঠিন করে তুলেছে। নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ কোরিয়ার কাছে ২-১ গোলে হেরে যাওয়া চেক রিপাবলিকের বিপক্ষে বৃহস্পতিবার (১৮ জুন) আটলান্টায় মাঠে নামবে বাফানা বাফানা। পরের রাউন্ডে যাওয়ার আশা বাঁচিয়ে রাখতে এ ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই দক্ষিণ আফ্রিকার সামনে।

/এমএকে/