গোলরক্ষকের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেলো স্প্যানিশ ফুটবলারের

সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক
সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক
গোলরক্ষকের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেলো স্প্যানিশ ফুটবলারের
হেসুস দে মিগুয়েল

স্প্যানিশ ফুটবল দ্বিতীয় বিভাগের এক ম্যাচে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তেনেরিফের ৩০ বছর বয়সী স্ট্রাইকার হেসুস দে মিগুয়েল। সোমবার (২ নভেম্বর) এফসি আন্দোরার বিপক্ষে ম্যাচের যোগ করা সময়ে প্রতিপক্ষ গোলরক্ষক হেসুস ওওনোর সঙ্গে ভয়াবহ সংঘর্ষে মাথা ও বুকে গুরুতর আঘাত পান এই ফরোয়ার্ড। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে মৃত্যুবরণ করেন হেসুস দে মিগুয়েল।

যোগ করা সময়ের সপ্তম মিনিটে মাঝমাঠের দিকে উড়ে আসা একটি লম্বা বল ক্লিয়ার করতে এগিয়ে আসেন আন্দোরার গোলকিপার ওওনো। এ সময় তার হাঁটু সজোরে আঘাত করে দে মিগুয়েলের বুকে ও মাথায়।

মাঠে লুটিয়ে পড়া এই স্প্যানিশ ফরোয়ার্ডকে তৎক্ষণাৎ চিকিৎসা দেন মেডিকেল কর্মীরা। অবস্থার অবনতি হলে অ্যাম্বুলেন্সে করে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।

ঘটনার ভয়াবহতায় মাঠে কান্নায় ভেঙে পড়েন দুই দলের খেলোয়াড়েরা। মারাত্মক সেই ফাউলের জন্য গোলরক্ষক হেসুস ওওনোকে সরাসরি লাল কার্ড দেখানোর পর রেফারি ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করেন।

স্প্যানিশ গণমাধ্যম ‘মার্কা’ জানায়, অ্যাম্বুলেন্সে নেওয়ার পথেই হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে গিয়েছিল দে মিগুয়েলের। পরে প্যারামেডিকরা চেষ্টা করে তার পালস ফিরিয়ে আনেন। ক্লাব তেনেরিফে ডাক্তারের বরাত দিয়ে মিগুয়েলের শারীরিক অবস্থাকে ‘গুরুতর কিন্তু স্থিতিশীল’ বলে জানায়।

মঙ্গলবার সকালে নতুন এক বিবৃতিতে জানানো হয়, মিগুয়েলের স্নায়বিক অবস্থার মারাত্মক অবনতি হয় এবং পরে সকাল ৭টায় (গ্রিনিচ মান সময়) তিনি মারা যান। ৩০ বছর বয়সে মাঠে ফুটবল খেলতে গিয়ে খেলোয়াড়ের এমন আকস্মিক মৃত্যু স্প্যানিশ ফুটবল অঙ্গনে শোক বিরাজ করছে।

/টিই/