শিরোনাম

মাঠে আবার জ্ঞান হারালেন ড্যানিশ তারকা এরিকসেন

সিটিজেন স্পোর্টস ডেস্ক
মাঠে আবার জ্ঞান হারালেন ড্যানিশ তারকা এরিকসেন
ক্রিশ্চিয়ান এরিকসেন

২০২১ সালের ইউরো চ্যাম্পিয়নশিপের গ্রুপ পর্বে ফিনল্যান্ডের বিপক্ষে খেলতে নেমে ডেনমার্কের তারকা ক্রিশ্চিয়ান এরিকসেন হঠাৎ জ্ঞান হারিয়ে মাঠে লুটিয়ে পড়েন। সেটি ৫ বছর আগের ঘটনা।

হৃদরোগের দীর্ঘদিনের চিকিৎসা শেষে সুস্থ হয়ে ফিরে আসেন ৩৪ বছর বয়সী মিডফিল্ডার। কিন্তু ইউক্রেনের বিপক্ষে বিশ্বকাপের প্রীতি ম্যাচে তিনি আবার অসুস্থ হয়েছেন। ম্যাচটি বাতিল করা হয়েছে। উল্লেখ্য, দুই দলের কেউই আসন্ন বিশ্বকাপে নেই।

রবিবার (৭ জুন) ডেনমার্কের ওডেন্স শহর দুই দল মুখোমুখি হয়। ৬৫তম মিনিটে বুক চেপে ধরে মাটিতে পড়ে যান এরিকসেন। পরিস্থিতির গুরুত্ব বুঝে সতীর্থ, প্রতিপক্ষ এবং ম্যাচ কর্মকর্তারা দ্রুত চিকিৎসকদের ডেকে পাঠান। কয়েক সেকেন্ডের মধ্যে মেডিক্যাল টিম মাঠে পৌঁছে যায়।

চিকিৎসা দেওয়ার সময় ডেনমার্ক ও ইউক্রেনের খেলোয়াড়রা এরিকসেনকে ঘিরে রাখেন। ডেনমার্কের ওডেন্সের নেচার এনার্জি পার্কের দর্শকদের মধ্যে নীরবতা নেমে আসে। এর পরপরই পুরো স্টেডিয়াম জুড়ে ‘এরিকসেন, এরিকসেন’ স্লোগান প্রতিধ্বনিত হতে থাকে।

৭৯ মিনিটে ম্যাচ বাতিল করেন নরওয়েজিয়ান রেফারি সিগুর্ড স্মেহুস ক্রিংস্টাড। তখন ২-১ গোলে এগিয়ে ছিল ডেনমার্ক।

ঘটনার পরপরই ডেনমার্ক ফুটবল সংস্থা সামাজিক মাধ্যমে পোস্ট করে জানায়, ‘ক্রিশ্চিয়ান এরিকসেন সচেতন অবস্থায় রয়েছেন এবং পরিস্থিতি অনুযায়ী ভাল আছেন।’ পরে জানা যায়, এরিকসেন কিছু সময়ের জন্য জ্ঞান হারালেও দ্রুত চেতনা ফিরে পান। চিকিৎসার পর নিজের পায়ে হেঁটেই মাঠ ছাড়েন। বিস্তারিত পরীক্ষার জন্য তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এই ঘটনা সামনে আসতেই ফিরে এসেছে ইউরো ২০২১-এর স্মৃতি। কোপেনহেগেনে ফিনল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে হৃদরোগে আক্রান্ত হয়ে মাঠে লুটিয়ে পড়েন এরিকসেন। মাঠেই কার্ডিওপালমোনারি রিসাসিটেশন (সিপিআর) দেওয়া হয়। স্বয়ংক্রিয় ডিফিব্রিলেটর ব্যবহারের ফলে তার হৃদস্পন্দন ফেরে। পরে জানানো হয়, চিকিৎসকদের দ্রুত পদক্ষেপেই এরিকসেন প্রাণে বেঁচে যান।

মাঠে অচেতন হয়ে পড়ার পর এরিকসেনের সতীর্থরা তার চারপাশে প্রাচীরের মতো দাঁড়িয়েছিলেন, যাতে তার গোপনীয়তা রক্ষা করা যায় ও তাকে আড়াল করে রাখা যায়। প্রায় ১০ মিনিট ধরে মাঠে চিকিৎসা সেবা দেওয়ার পর তাকে স্ট্রেচারে করে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়।

ম্যাচটি স্থগিত করা হয়। উয়েফা জানায়, খেলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়ার আগে উভয় দল একটি জরুরি বৈঠকে বসেছিল। পরে ফিনল্যান্ড ১-০ ব্যবধানে ম্যাচটি জেতে এবং এরিকসেনকে ‘ম্যান অব দ্য ম্যাচ’ ঘোষণা করা হয়।

২০২১ সালের জুনে অসুস্থ হওয়ার পর এরিকসেনের বুকে পেসমেকার স্থাপন করা হয়। ইন্টার মিলান ছেড়ে পরে তিনি ২০২২ সালের ফেব্রুয়ারিতে প্রিমিয়ার লিগ দল ব্রেন্টফোর্ডে খেলোয়াড়ি জীবন শুরু করেন।

/এফসি/