শিরোনাম

মিসরকে হারিয়ে বিশ্বকাপ প্রস্তুতি সারলো ব্রাজিল

স্পোর্টস ডেস্ক
মিসরকে হারিয়ে বিশ্বকাপ প্রস্তুতি সারলো ব্রাজিল
মিশরকে হারিয়ে ব্রাজিলের খেলোয়ারদের উচ্ছ্বাস।

বিশ্বকাপের মূল লড়াইয়ে নামার আগে শেষ ম্যাচটিও নিজেদের করে নিলো সেলেসাওরা। ব্রুনো গিমারেস ও এন্দ্রিকের গোলে বিশ্বকাপ প্রস্তুতি সারলো পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

রবিবার (৭ জুন) যুক্তরাষ্ট্রের ওহাইওতে অনুষ্ঠিত ফিফা প্রীতি ম্যাচে মিসরকে ২-১ গোলে হারিয়েছে ব্রাজিল।

ম্যাচের শুরু থেকেই ২ দলের রক্ষণভাগের দুর্বলতা চোখে পড়ে। প্রথমার্ধের শুরুর দিকে মিসরের ডিফেন্সের ভুলকে কাজে লাগিয়ে গোল করে ব্রাজিলকে এগিয়ে নেন ব্রুনো গিমারেস । তবে এই লিড বেশি সময় ধরে রাখতে পারেনি কার্লো আনচেলত্তির দল। মাত্র তিন মিনিট পরেই ব্রাজিলের অভিজ্ঞ ডিফেন্ডার মার্কিনহোসের একটি ভুল ব্যাক-পাসের সুযোগ নিয়ে গোল করে ম্যাচে ১-১ সমতা ফেরান মিসরের জিকো।

প্রথমার্ধে ভিনিসিয়াস জুনিয়র বাম প্রান্তে এবং রাফিনহা ডান প্রান্তে বেশ কিছু আক্রমণ তৈরি করলেও মিসরের গোলরক্ষক মোস্তফা শোবের চমৎকার কিছু সেভ করে আটকে রাখেন ব্রাজিলকে। বিরতির ঠিক আগে ভিনিসিয়াসকে ডি-বক্সে ফাউল করা হলে ভিএআর চেক করা হয়। তবে রেফারি পেনাল্টির সিদ্ধান্ত দেননি।

দ্বিতীয়ার্ধের শুরুতেই মিসর মাঠে নামায় তাদের সবচেয়ে বড় তারকা মোহাম্মদ সালাহকে। একই সঙ্গে ব্রাজিল দলে গোলরক্ষক আলিসনের পরিবর্তে ওয়েভারটন পেরেইরা এবং ভিনিসিয়াসের জায়গায় মাতিউস কুনহা মাঠে আসেন।

ম্যাচের ৫২ মিনিটে ডান প্রান্ত থেকে রাফিনহার বাড়ানো এক চমৎকার পাস ডি-বক্সের ঠিক মাঝখানে পেয়ে যান তরুণ তুর্কি এন্দ্রিক। কোনো ভুল না করে নিখুঁত শটে বল জালে জড়ান তিনি। এই গোলের সুবাদে ব্রাজিল ম্যাচে ২-১ ব্যবধানে এগিয়ে যায়। এই লিড ধরেই ম্যাচ শেষ করেছে ফেভারিটরা।

ম্যাচের শেষ ১০ মিনিটে সমতা ফেরানোর জন্য মরিয়া হয়ে ওঠে মিসর। মোহাম্মদ সালাহ এবং জিকোর বেশ কয়েকটি আক্রমণ ব্রাজিলের ডিফেন্স ও বদলি গোলরক্ষক ওয়েভারটন দারুণ দক্ষতার সঙ্গে নসাৎ করে দেন। নির্ধারিত সময় শেষে অতিরিক্ত ৫ মিনিটেও গোল করতে না পারায় ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিল।

আগামী ১৪ জুন মরক্কোর বিরুদ্ধে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে ব্রাজিল। এই জয়ের ফলে বাড়তি আত্মবিশ্বাস নিয়েই মাঠে নামবে সেলেসাওরা।

/এসবি/