এসি মিলানের ‘হল অব ফেম’ এ কাকা

সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক
সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক
এসি মিলানের ‘হল অব ফেম’ এ কাকা
এসি মিলানের মাঠে কাকা

ব্রাজিলিয়ান ফুটবলার কাকা ক্যারিয়ারের সোনালী সময় কাটিয়েছেন ইতালিয়ান ক্লাব এসি মিলানে। পেয়েছেন চ্যাম্পিয়ন্স লিগ ও সিরি’আ জয়ের স্বাদ। এবার এসি মিলানের ‘হল অব ফেম’ এ জায়গা পেয়ে আবেগ ধরে রাখতে পারলেন না কাকা।

সান সিরোতে শনিবার (৩১ অক্টোবর) রাতে মাঠে গড়ায় মৌসুমের প্রথম মিলান ডার্বি। ঐতিহ্যবাহী এই লড়াইয়ের আগে ‘হল অব ফেম’ এ অন্তর্ভুক্ত করা হয় কাকাকে।

ব্রাজিলের হয়ে বিশ্বকাপজয়ী সাবেক এই অ্যাটাকিং মিডফিল্ডারকে দাঁড়িয়ে সম্মান জানায় পুরো গ্যালারি।

কাকা বলেন, ‘সান সিরোয় যখন আমি মিলানের সমর্থকদের মাঝে থাকি, তখন আমার মধ্যে যে অনুভূতি কাজ করে, তা ভাষায় প্রকাশ করা খুব কঠিন। আমার জন্য এটা স্পেশাল দিন।’

এসি মিলান ও ব্রাজিলের সবশেষ খেলোয়াড় হিসেবে ২০০৭ সালে ব্যালন ডি’অর জয় করেন কাকা। এসি মিলানে প্রথম মেয়াদে ২০০৩ থেতে ২০০৯ পর্যন্ত খেলেন কাকা। ২০০৬-০৭ মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগ জয় করেন তিনি। চ্যাম্পিয়ন্স লিগের ওই আসরে ১০টি গোল করেছিলেন কাকা। দারুণ পারফরম্যান্সের সুবাদে সেই বছরের ব্যালন ডি’অর, ফিফা বর্ষসেরা ও উয়েফা ক্লাব বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হন।

এসি মিলানের হয়ে ৩০৭ ম্যাচে ১০৪ গোল ও ৮১টি অ্যাসিস্ট করা তারকা বলেন, ‘ব্রাজিলিয়ান খেলোয়াড়দের আমি শীর্ষ ক্লাবে দেখতে চাই। আমি তাদের আবার মিলানে দেখতে চাই।’

শনিবার রাতে ডার্বিতে এসি মিলান ৩-১ গোলে হারিয়েছে ইন্তার মিলানকে।

/টিই/