‘থিংক বাংলাদেশ’ প্রতিপাদ্যে ডিসেম্বরে এনআরবি ওয়ার্ল্ড সামিট

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
‘থিংক বাংলাদেশ’ প্রতিপাদ্যে ডিসেম্বরে এনআরবি ওয়ার্ল্ড সামিট
সংবাদ সম্মেলনে এনআরবি ওয়ার্ল্ডের সভাপতি মোহা. সাহিদুজ্জামান টরিক

‘থিংক বাংলাদেশ’ প্রতিপাদ্যে আগামী ২৮ ও ২৯ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে এনআরবি ওয়ার্ল্ড সামিট ২০২৬। বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত এক হাজারের বেশি প্রবাসী বাংলাদেশির অংশগ্রহণে রাজধানীর হোটেল শেরাটনে এ সম্মেলন অনুষ্ঠিত হবে বলে আশা করছেন আয়োজকরা।

এতে প্রবাসীদের সঙ্গে দেশের নীতিনির্ধারক, বিনিয়োগকারী ও উদ্যোক্তাদের সংযোগ স্থাপনের পাশাপাশি বিনিয়োগ, ব্যবসায়িক অংশীদারত্ব ও জ্ঞান বিনিময়ের ওপর গুরুত্ব দেওয়া হবে।

রবিবার (১ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত সংবাদ সম্মেলনে সামিটের পরিকল্পনা, লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন এনআরবি ওয়ার্ল্ডের সভাপতি মোহা. সাহিদুজ্জামান টরিক।

আয়োজকরা জানান, সম্মেলনে প্রবাসী ব্যবসায়ী ও পেশাজীবী নেতাদের পাশাপাশি মন্ত্রী, রাজনীতিবিদ, কূটনীতিক, আন্তর্জাতিক বিনিয়োগকারী ও বিভিন্ন খাতের বিশেষজ্ঞরা অংশ নেবেন। এর মাধ্যমে প্রবাসীদের সঙ্গে দেশের বিভিন্ন খাতের উদ্যোক্তা ও নীতিনির্ধারকদের সরাসরি যোগাযোগ এবং পারস্পরিক সহযোগিতার সুযোগ তৈরি হবে।

দুই দিনব্যাপী এ সামিটে বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনা, বিনিয়োগের সুযোগ, উদ্যোক্তা উন্নয়ন ও দক্ষতা বৃদ্ধিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হবে। এ ছাড়া স্বাস্থ্যসেবা, প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), কর্মসংস্থান, জ্বালানি নিরাপত্তা এবং টেকসই উন্নয়ন নিয়েও আলোচনা হবে। প্যানেল আলোচনা, মতবিনিময় ও নেটওয়ার্কিংয়ের মাধ্যমে বিনিয়োগ সম্প্রসারণ, ব্যবসায়িক যোগাযোগ বৃদ্ধি এবং আন্তর্জাতিক অংশীদারত্ব জোরদারের পরিকল্পনা রয়েছে আয়োজকদের।

লিখিত বক্তব্যে বলা হয়, বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা বাংলাদেশিদের অভিজ্ঞতা, দক্ষতা ও সম্ভাবনাকে দেশের উন্নয়নে কাজে লাগানো এ সামিটের অন্যতম লক্ষ্য। একইসঙ্গে প্রবাসী উদ্যোক্তা ও বিনিয়োগকারীদের সঙ্গে দেশের ব্যবসায়িক ও প্রাতিষ্ঠানিক সম্পর্ক গড়ে তোলা এবং অভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় কার্যকর সমাধান খোঁজার উদ্যোগ নেওয়া হবে।

আয়োজকেরা জানান, সামিট সামনে রেখে এরইমধ্যে আন্তর্জাতিক পর্যায়ে প্রস্তুতি ও প্রচার কার্যক্রম শুরু হয়েছে। যুক্তরাজ্য ও ফ্রান্সে সংবাদ সম্মেলনের পাশাপাশি কানাডা, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, জাপান, সিঙ্গাপুর, দুবাই ও ইউরোপের বিভিন্ন অঞ্চলে বৈঠক হয়েছে। এসব উদ্যোগের মাধ্যমে বিভিন্ন দেশের প্রবাসীদের সম্পৃক্ত করা ও তাদের অংশগ্রহণ নিশ্চিত করার চেষ্টা চলছে।

যুক্তরাষ্ট্রভিত্তিক অলাভজনক ও অরাজনৈতিক সংগঠন এনআরবি ওয়ার্ল্ড বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে সংযোগ স্থাপন, পেশাগত সহযোগিতা বৃদ্ধি ও বিনিয়োগ উৎসাহিত করতে কাজ করে। সামিট আয়োজনে সহযোগিতা করছে বিজনেস আমেরিকা ম্যাগাজিন, অর্থকণ্ঠ ও গ্লোবাল এনআরবি চেম্বার।

সংবাদ সম্মেলনে এনআরবি ওয়ার্ল্ডের প্রতিষ্ঠাতা এনামুল হক এনাম, মিডিয়া ও পাবলিকেশন্স ডিরেক্টর রেহান রেজা এবং রিজিওনাল ডিরেক্টর সুমাইয়া জামান উপস্থিত ছিলেন।

/এফসি/