শিরোনাম

ম্যাচের সব চাপ থাকবে ইংল্যান্ডের ওপর: হলান্ড

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
ম্যাচের সব চাপ থাকবে ইংল্যান্ডের ওপর: হলান্ড
নরওয়ের তারকা স্ট্রাইকার আর্লিং হলান্ড

বিশ্বকাপের হাইভোল্টেজ কোয়ার্টার ফাইনালে মাঠে নামার আগেই মনস্তাত্ত্বিক লড়াই শুরু করে দিয়েছেন নরওয়ের তারকা স্ট্রাইকার আর্লিং হলান্ড। শনিবার (১২ জুলাই) বাংলাদেশ সময় দিবাগত রাত ৩টায় ইংল্যান্ডের মুখোমুখি হবে নরওয়ে। মাঠে নামার আগে এই ম্যানচেস্টার সিটি ফরোয়ার্ড দাবি করেছেন, ম্যাচের সব চাপ থাকবে ইংলিশদের ওপরই। তার মতে, এবারের টুর্নামেন্টে ইংল্যান্ড অন্যতম ফেভারিট দল হওয়ায় তাদের ওপর প্রত্যাশার চাপ থাকাটাই স্বাভাবিক।

দীর্ঘ বিরতির পর ১৯৯৮ সালের পর এবারই প্রথম বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েছে নরওয়ে। আই গ্রুপের রানার্সআপদল হিসেবে নকআউট পর্বে পা রাখার পর আইভরি কোস্ট এবং শেষ ষোলোতে পরাশক্তি ব্রাজিলকে বিদায় করে ইতিহাসে প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালের টিকিট কেটেছে তারা। দলটির এমন অবিশ্বাস্য পথচলায় মূল রূপকার ২৫ বছর বয়সী হলান্ড। চলতি আসরের ৪ ম্যাচে ইতোমধ্যেই ৭টি গোল করেছেন তিনি। অথচ গত বছর টাইম ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে নরওয়ের বিশ্বকাপ জয়ের সম্ভাবনাকে মাত্র ‘শূন্য দশমিক পাঁচ শতাংশ’ বলে উল্লেখ করেছিলেন এ তারকা। নিজের দেশের এই অভাবনীয় সাফল্যে খোদ হলান্ড নিজেও বিস্মিত ও আনন্দিত।

শনিবার মিয়ামিতে অনুষ্ঠেয় ম্যাচটি হলান্ডের জন্য ব্যক্তিগতভাবেও বেশ আবেগঘন ও বিশেষ কিছু। ইংল্যান্ডের লিডসে জন্ম নেওয়া এই ফরোয়ার্ডের বাবা আলফ-ইঙ্গে হলান্ডও একসময় ইংলিশ ক্লাব ফুটবলে মাঠ মাতিয়েছেন। নরওয়ের হয়ে টানা ১৪টি প্রতিযোগিতামূলক ম্যাচে গোল করার অনন্য রেকর্ড নিয়ে এবার নিজের জন্মভূমির বিপক্ষেই মাঠে নামবেন তিনি। অন্যদিকে, টানা তিনটি বিশ্বকাপে অন্তত কোয়ার্টার ফাইনালে খেলা ইংল্যান্ড ১৯৬৬ সালের পর আর কখনো ফাইনালে উঠতে পারেনি। ফেভারিট তকমা থাকায় ইংলিশ সমর্থকদের পরের পর্বে যাওয়ার আত্মবিশ্বাসকে স্বাভাবিক উল্লেখ করে হলান্ড চান, গণমাধ্যম যেন এই সুযোগে প্রতিপক্ষের ওপর চাপ আরও বাড়িয়ে দেয়।

/এমএকে/