শিরোনাম

বিশ্বকাপে এমবাপ্পের অনন্য কীর্তি

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
বিশ্বকাপে এমবাপ্পের অনন্য কীর্তি
মরক্কোর বিপক্ষে গোল করার পর কিলিয়ান এমবাপ্পের উচ্ছ্বাস

পেনাল্টি মিসের বড় ধাক্কা সামলে দুর্দান্ত এক গোলে ফ্রান্সকে এগিয়ে নেওয়ার পাশাপাশি ফুটবল ইতিহাসে অনন্য এক রেকর্ড গড়লেন কিলিয়ান এমবাপ্পে। বোস্টনে অনুষ্ঠিত বিশ্বকাপের হাইভোল্টেজ কোয়ার্টার-ফাইনালে মরক্কোর বিপক্ষে ম্যাচের ২৫তম মিনিটে পেনাল্টি পায় ফ্রান্স। কিন্তু স্পটকিক থেকে নেওয়া এমবাপ্পের নিচু শটটি দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন মরক্কোর গোলরক্ষক ইয়াসিন বুনু। পেনাল্টি মিসের পর চরম হতাশ হয়েছিলেন ফরাসি অধিনায়ক। তবে প্রথমার্ধের সেই ব্যর্থতা বিরতির পর পুষিয়ে দেন এই ফরাসি তারকা।

ম্যাচের ৬০তম মিনিটে ডি-বক্সের মুখে ডিফেন্ডার ইসা জিওপের বাধা এড়িয়ে নিখুঁত ও চোখধাঁধানো এক বাঁকানো শটে বল জালে জড়ান এমবাপ্পে। এই গোলের মাধ্যমে চলতি আসরে নিজের অষ্টম গোলটি করার পাশাপাশি ইতিহাসের পাতায় নাম লেখান তিনি। ১৯৬৬ সালের পর বিশ্বের প্রথম ফুটবলার হিসেবে বিশ্বকাপের ভিন্ন দুটি আসরে অন্তত ১০টি গোলে সরাসরি অবদান রাখার অবিশ্বাস্য কীর্তি গড়লেন এমবাপ্পে। এর আগে ২০২২ সালের কাতার বিশ্বকাপেও তিনি সমান আটটি গোল ও দুটি অ্যাসিস্ট করেছিলেন।

এই জাদুকরী পারফরম্যান্সে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতার তালিকায় লিওনেল মেসির সঙ্গে যৌথভাবে শীর্ষে উঠে এলেন এমবাপ্পে। বিশ্বমঞ্চে এখন পর্যন্ত মাত্র ২০ ম্যাচ খেলেই ২০টি গোল করার অবিস্মরণীয় মাইলফলক ছুঁয়েছেন এ ফরাসি ফরোয়ার্ড। যেখানে ৩১ ম্যাচে ২১ গোল করে তালিকার শীর্ষে রয়েছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি।

/এমএকে/