শিরোনাম

বিশ্বকাপ শেষে ‘হাইড্রেশন ব্রেক’ পর্যালোচনার ঘোষণা ফিফার

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
বিশ্বকাপ শেষে ‘হাইড্রেশন ব্রেক’ পর্যালোচনার ঘোষণা ফিফার

চলতি বিশ্বকাপে দর্শকদের চরম অসন্তোষ আর সমালোচনা সত্ত্বেও বিতর্কিত 'হাইড্রেশন ব্রেক' বা পানি পানের বিরতির নিয়মটি চালু রেখেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। তবে টুর্নামেন্ট শেষে এ নিয়মের ভালো-মন্দ খতিয়ে দেখার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে সংস্থাটি।

এবারের বিশ্বকাপের ১০২টি ম্যাচ বিশ্লেষণ করে ফিফার টেকনিক্যাল স্টাডি গ্রুপ (টিএসজি) তাদের পর্যবেক্ষণ প্রকাশ করলেও বহুল আলোচিত প্রতি অর্ধে দুটি করে তিন মিনিটের এই বিরতি নিয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি। এ বিষয়ে টিএসজির প্রধান ও আর্সেনালের সাবেক কোচ আর্সেন ওয়েঙ্গার জানান, অনেকেই এ বিরতি পছন্দ না করলেও এটি ম্যাচের ফলাফলে কোনো প্রভাব ফেলেনি। দর্শকদের চাওয়াকে প্রধান্য দিয়ে টুর্নামেন্ট শেষে বিষয়টি বিশদভাবে বিশ্লেষণ করা হবে। প্রতিকূল আবহাওয়ার কারণে কিছু ম্যাচে এই বিরতি খুবই জরুরি ছিল উল্লেখ করে তিনি বলেন, এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে তারা আরও সময় নেবেন।

তবে সময়ক্ষেপণ রোধে চালু করা অন্যান্য নতুন নিয়মগুলোকে সফল বলে দাবি করেছে ফিফা। গোলকিক ও থ্রো-ইন নেওয়ার জন্য ৫ সেকেন্ড, খেলোয়াড় বদলাতে ১০ সেকেন্ড এবং মাঠে চিকিৎসার জন্য সর্বোচ্চ ১ মিনিট সময় বেঁধে দেওয়ায় খেলার গতি আগের চেয়ে অনেক বেড়েছে। ওয়েঙ্গারের মতে, এই ইতিবাচক পরিবর্তনের ফলে মাঠের সময় অপচয় কমেছে এবং দর্শকদের খেলা দেখার অভিজ্ঞতা আরও সুন্দর হয়েছে। ফিফার পরিসংখ্যানও এর প্রমাণ দিচ্ছে। ২০২২ সালের কাতার বিশ্বকাপে যেখানে ২৫ শতাংশ গোলকিক নিতে ৩০ সেকেন্ডের বেশি সময় লাগত, এবার তা কমে মাত্র ১২ শতাংশে নেমে এসেছে। পাশাপাশি প্রতি ম্যাচে চিকিৎসাজনিত বিরতির গড় ২.৩ থেকে কমে ১.৬ হয়েছে।

ফিফার টেকনিক্যাল স্টাডি গ্রুপের বিশ্লেষণে কেবল নিয়মের পরিবর্তনই নয়, দলগুলোর খেলার কৌশলেও বড় বদল দেখা গেছে। এবার দলগুলো বল দখলের লড়াইয়ে মেতে না থেকে নিজেদের রক্ষণভাগ সুরক্ষিত রেখে দ্রুত পাল্টা আক্রমণে যাওয়ার কৌশল বেশি বেছে নিয়েছে। টিএসজির পারফরম্যান্স ইনসাইটস প্রধান টম গার্ডনার জানান, কাতার বিশ্বকাপের তুলনায় এবার দলগুলো নিজেদের গোলপোস্টের কাছাকাছি রক্ষণাত্মক অবস্থানে বেশি সময় কাটিয়েছে এবং সুযোগ বুঝে দ্রুত কাউন্টার অ্যাটাক করেছে।

/এমএকে/