শিরোনাম

দেম্বেলের হ্যাটট্রিকে ৩-১ ব্যবধানে এগিয়ে বিরতিতে ফ্রান্স

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
দেম্বেলের হ্যাটট্রিকে ৩-১ ব্যবধানে এগিয়ে বিরতিতে ফ্রান্স
হ্যাটট্রিক করেন উসমান দেম্বেলে

প্রথম মিনিট থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে ফ্রান্স। ম্যাচ শুরুর মাত্র ২৫ সেকেন্ডের মাথায় কিলিয়ান এমবাপ্পের শট ক্রসবারে লেগে ফিরে আসে। এরপরও একের পর এক আক্রমণে নরওয়ের রক্ষণকে ব্যস্ত রাখে ফরাসিরা।

এ আগ্রাসী শুরু থেকেই আসে কাঙ্ক্ষিত সাফল্য। ম্যাচের সপ্তম মিনিটে এমবাপ্পের নিখুঁত পাস থেকে বক্সের ভেতর দারুণ এক শটে জাল খুঁজে নেন দেম্বেলে। এরপরও থামেননি তিনি। দুর্দান্ত ছন্দে থাকা এমবাপ্পের আরেকটি অ্যাসিস্ট থেকে নিজের দ্বিতীয় গোল করে ফ্রান্সকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন ব্যালন ডি’অরজয়ী এই তারকা।

দুই গোল হজমের পর কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে নরওয়ে। সেই চেষ্টার ফলও পায় তারা। অসগার্ডের গোলে ব্যবধান কমিয়ে ২-১ করে স্ক্যান্ডিনেভিয়ানরা। তবে নরওয়ের সেই স্বস্তি স্থায়ী হয়নি। ৩২তম মিনিটে অরেলিয়েন চুয়ামেনির কাছ থেকে বল পেয়ে বাঁ পায়ের অসাধারণ বাঁকানো শটে দূরের কোণে বল জড়িয়ে হ্যাটট্রিক পূর্ণ করেন দেম্বেলে। বিশ্বকাপে এটি তার প্রথম হ্যাটট্রিক, আর চলতি আসরের তৃতীয়। এর আগে হ্যাটট্রিক করেছিলেন লিওনেল মেসি ও জোনাথন ডেভিড।

একই সঙ্গে বিশ্বকাপ ইতিহাসেও নিজের নাম তুলে ফেলেছেন দেম্বেলে। ৩২ মিনিটে করা এই হ্যাটট্রিকটি বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম। ১৯৫৪ বিশ্বকাপে চেকোশ্লোভাকিয়ার বিপক্ষে অস্ট্রিয়ার এরিক প্রবস্ট ২৪ মিনিটে হ্যাটট্রিক করে এখনো শীর্ষে রয়েছেন। আর ১৯৮৬ বিশ্বকাপে পোল্যান্ডের বিপক্ষে গ্যারি লিনেকারের ৩৫ মিনিটে করা হ্যাটট্রিককে পেছনে ফেলেছেন ফরাসি ফরোয়ার্ড। প্রথমার্ধের বাকি সময়ে আরও কয়েকটি সুযোগ তৈরি করলেও ব্যবধান বাড়াতে পারেনি ফ্রান্স। ৪৫ মিনিট শেষে দেম্বেলের দুর্দান্ত হ্যাটট্রিক ও এমবাপ্পের তিন অ্যাসিস্টে ৩-১ গোলের লিড নিয়েই বিরতিতে যায় ফ্রান্স।

/এমএকে/