শিরোনাম

‘ফিফা ফুটবলকে ধ্বংস করছে’

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
‘ফিফা ফুটবলকে ধ্বংস করছে’
হাভিয়ের তেবাস ও জিয়ান্নি ইনফান্তিনো। কোলাজ: সিজেডএন

বিশ্বকাপ শুরুর আগে থেকে শেষ পর্যন্ত ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো ছিলেন সমালোচনার কেন্দ্রবিন্দুতে। লা লিগা সভাপতি হাভিয়ের তেবাসের মতে, বিশ্ব ফুটবল সংস্থা ফিফার প্রধানের সময় ফুরিয়ে এসেছে।

ইনফান্তিনোর পদত্যাগের দাবি জানিয়েছেন স্প্যানিশ শীর্ষ লিগের সর্বোচ্চ পদে থাকা তেবাস। ইতালিয়ান সংবাদপত্র লা গাজেত্তা দেল্লো স্পোর্ত-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ফুটবল শিল্পকে ধ্বংস করছে ফিফা।

ইনফান্তিনোর কি পদত্যাগ করা উচিত এমন প্রশ্নে তেবাস বলেছেন, ‘আমার মতে, হ্যাঁ, আমি মনে করি তার সময় ফুরিয়ে এসেছে।’

এবার ফুটবল বিশ্বকাপে অংশ নিয়েছে ৪৮ দেশ। ২০৩০ বিশ্বকাপে ৬৪ দেশের অংশগ্রহণ নিয়ে উঠছে আলোচনা। এ নিয়ে লা লিগা সভাপতি তেবাস বলেন, ‘জাতীয় দলের সংখ্যা বাড়ানোর কোনো মানেই হয় না। ফুটবল শিল্প মানেই শুধু বিশ্বকাপ নয়, যদিও এটি সবচেয়ে বড় আসর। সবকিছু বিশ্বকাপকে ঘিরে চলতে পারে না। এই খেলার ভিত্তি টিকিয়ে রাখে ঘরোয়া লিগ ও প্রতিযোগিতাগুলো।’

তিনি আরও বলেন, ‘মাত্র ৪০ দিনের একটি টুর্নামেন্ট, যেখানে অল্প সংখ্যক খেলোয়াড় অংশ নেন, তার জন্য তারা এমন একটি ফুটবল শিল্পকে ক্ষতিগ্রস্ত করছে, যা লাখো মানুষের জীবিকা ও কর্মসংস্থানের সঙ্গে জড়িত। আমাদের দরকার কম সংখ্যক জাতীয় দল এবং সব স্তরে ঘরোয়া ফুটবলের জন্য আরও বেশি সুরক্ষা। তারা বুঝতেই পারছে না কতটা দায়িত্বজ্ঞানহীন সিদ্ধান্ত নিচ্ছে।’

তেবাসের মতে, জাতীয় ফেডারেশনগুলোর সমর্থন আছে ইনফান্তিনোর দিকে। তেবাস বলেন, ‘তার কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী নেই। শুধু হেরে যাওয়ার জন্য কেউ দাঁড়াতে চায় না। তার থাকা উচিত নয়। কিন্তু বর্তমান পরিস্থিতির কারণে সে চলেও যাবে না।’

স্পেনের বিশ্বকাপ জয়ের দিনে যুক্তরাষ্ট্রে ছিলেন তেবাস। তিনি বলেন, ‘আমেরিকায় এই গত কয়েকদিনে আমি ইনফান্তিনোর বিরোধী এবং তার কাজের সঙ্গে দ্বিমত পোষণকারী অনেকের কথা শুনেছি। তারা মুখে একথা বলে, কিন্তু তারপর কিছুই করে না।’

ফিফার মার্চের কংগ্রেসে ইনফান্তিনো চতুর্থ মেয়াদে নির্বাচিত হবেন বলে আশা করা হচ্ছে। তবে তেবাস বিশ্বাস করেন, বালোগানের লাল কার্ড স্থগিতের ঘটনাকে কেন্দ্র করে তাকে ক্ষমতাচ্যুত করা হতে পারে।

বিশ্বকাপের ফাইনালের হাফটাইম শোতে ১৫ মিনিটের হাফটাইম বিরতি বেড়ে ২৭ মিনিট ২২ সেকেন্ডের হয়েছিল।

তেবাস বলেন, ‘ফিফা নিজের পছন্দমতো, নিজের স্বার্থে যা খুশি তাই আয়োজন করে, অবশ্যই ফুটবলের স্বার্থে নয়। তাই যদি তাদের ২৭ মিনিটের হাফটাইম বিরতির প্রয়োজন হয়, তারা তাই করবে।’

/টিই/