শিরোনাম

ইনফান্তিনোকে আগাম সমর্থন জানায়নি বাফুফে: তাবিথ আউয়াল

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
ইনফান্তিনোকে আগাম সমর্থন জানায়নি বাফুফে: তাবিথ আউয়াল
তাবিথ আউয়াল ও জিয়ান্নি ইনফান্তিনো

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর প্রস্তাবিত বিশ্বকাপের স্বত্ব বিক্রি প্রকল্পে বাংলাদেশ আগাম কোনও সমর্থন জানায়নি বলে নিশ্চিত করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল।

সম্প্রতি একটি আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়, ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর প্রস্তাবকে সমর্থন করেছে বাংলাদেশ। এই খবর নাকচ করে বাফুফে সভাপতি জানান, ফেডারেশনের যেকোনও সিদ্ধান্ত নির্বাহী কমিটির (ইসি) আলোচনার পর চূড়ান্ত করা হয় এবং তা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়।

রবিবার (৯ আগস্ট) বাফুফে ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তাবিথ আউয়াল বলেন, ‘আমরা কোনও অগ্রিম সমর্থন জানায়নি। কোনও ব্যক্তির জন্য দেইনি, কোনও প্রতিষ্ঠানের পক্ষেও দেইনি। ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ নামের যে প্রোগ্রামটি নিয়ে মেম্বার অ্যাসোসিয়েশনগুলোর মতামত চাওয়া হয়েছিল, আমাদের ইসি তা বিবেচনা করার আগেই ফিফা সেটি বাতিল ঘোষণা করেছে।’

এই প্রকল্পের আওতায় বিশ্বকাপের ২০ শতাংশ মালিকানা বেসরকারি প্রতিষ্ঠানকে দেওয়ার প্রস্তাব ছিল।

প্রকল্পটি বাতিল হলেও ফিফার ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে বিতর্ক চলছে। এ প্রসঙ্গে তাবিথ আউয়াল বলেন, ‘ইস্যুটিতে উয়েফার শক্ত ভূমিকার কারণে জিওপলিটিক্যাল রূপ নিচ্ছে। এ কারণে আমি মনে করি ইসিসহ আমাদের ক্রীড়া মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথেও কথা বলতে হবে। সার্বিক বিষয়ে আলাপ করেই ভবিষ্যতে আমাদের অবস্থান জানাবো।’

/টিই/