শিরোনাম

ড্রয়ে বিশ্বকাপে টিকে থাকলো চেক প্রজাতন্ত্র-দক্ষিণ আফ্রিকা

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
ড্রয়ে বিশ্বকাপে টিকে থাকলো চেক প্রজাতন্ত্র-দক্ষিণ আফ্রিকা
পেনাল্টি থেকে গোল শোধ করেন দক্ষিণ আফ্রিকার তেবোহো মোকোয়েনা

বিশ্বকাপে গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে হেরেছিল চেক প্রজাতন্ত্র ও দক্ষিণ আফ্রিকা। জয়ের খোঁজে বৃহস্পতিবার (১৮ জুন) মুখোমুখি হয় তারা। ম্যাচের পঞ্চম মিনিটেই গোল করেন চেক প্রজাতন্ত্রের সাদিলেক। যা চলমান বিশ্বকাপে দ্রুততম গোলও। পরে দক্ষিণ আফ্রিকার তেবোহো মোকোয়েনা পেনাল্টি থেকে গোল শোধ করলে ম্যাচ ড্র হয়।

দক্ষিণ কোরিয়ার কাছে ২-১ গোলের হতাশাজনক হারের পর, নিজেদের একাদশে পাঁচটি পরিবর্তন আনে চেক প্রজাতন্ত্র। অন্যদিকে, মেক্সিকোর কাছে হারের পর দক্ষিণ আফ্রিকা একাদশে তিনটি পরিবর্তন এনেছেন কোচ হুগো ব্রুস। গত ম্যাচে লাল কার্ড দেখায় স্ফেফেলো সিথোলে এ ম্যাচে নিষিদ্ধ।

ম্যাচের ৫ মিনিট ৭ সেকেন্ডে ডান প্রান্ত ধরে বাড়ানো একটি লম্বা থ্রো তাড়া করে বল নিয়ন্ত্রণে নেন হ্লোজেক, ডি-বক্সে বল বাড়িয়ে দেন তিনি। সেখানে সোইকার সঙ্গে দারুণ ওয়ান-টু পাসে বল দেয়া-নেয়া করে নিচু শটে গোল করেন চেক প্রজাতন্ত্রের সাদিলেক।

৩৭ মিনিটে গোল শোধের দারুণ সুযোগ তৈরি করেছিল দক্ষিণ আফ্রিকা। তবে চেক প্রজাতন্ত্রের বক্সে প্রবেশের পর খেই হারিয়ে ফেলায় আর সমতায় ফেরা হয়নি। যোগ করা সময়েও গোলের সুযোগ পেয়েছিল দক্ষিণ আফ্রিকা। তবে মদিবার শট ব্লক করে চেক প্রজাতন্ত্রকে গোল হজম করা থেকে রক্ষা করেন লাদিস্লাভ ক্রেইচি।

দ্বিতীয়ার্ধে আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে ম্যাচ। ৮২ মিনিটে ডি বক্সে চেক প্রজাতন্ত্রের এক খেলোয়াড়ের হাতে বল লাগলে পেনাল্টি পায় দক্ষিণ আফ্রিকা। স্পটকিক থেকে গোল শোধ করেন তেবোহো মোকোয়েনা।

শেষ পর্যন্ত পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছেড়েছে দুই দল। এক পয়েন্টের কারণে বিশ্বকাপে টিকে থাকলো দক্ষিণ আফ্রিকা আর চেক প্রজাতন্ত্র।

/টিই/