শিরোনাম

‘পয়া’ রেফারি দিয়েই শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
‘পয়া’ রেফারি দিয়েই শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন
লিওনেল মেসি ও সিজমন মার্সিনিয়াক।

শিরোপা ধরে রাখার মিশনে প্রথম ম্যাচেই পরিচিত এবং ‘পয়া’ রেফারিকে পাশে পাচ্ছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ১৭ জুন ‘জে’ গ্রুপে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করতে যাচ্ছে আলবিসেলেস্তেরা। এ গুরুত্বপূর্ণ ম্যাচে প্রধান রেফারির দায়িত্ব পালন করবেন পোল্যান্ডের সিজমন মার্সিনিয়াক।

ফুটবলপ্রেমীদের কাছে মার্সিনিয়াক অত্যন্ত পরিচিত এক নাম। কাতার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা ও ফ্রান্সের ম্যাচে প্রধান রেফারির দায়িত্বে ছিলেন। টাইব্রেকারে জেতা সেই ফাইনালের পর এবার আলজেরিয়ার বিপক্ষে ম্যাচেও তার সঙ্গে সহকারী রেফারি হিসেবে থাকছেন স্বদেশি তমাস লিস্টকিয়েভিচ ও আদাম কুপসিক। ম্যাচটিতে চতুর্থ রেফারির ভূমিকা পালন করবেন নিউজিল্যান্ডের ক্যাম্পবেল-কির্ক কাওয়ানা-ওয়া এবং রিজার্ভ সহকারী রেফারি হিসেবে থাকবেন আইজ্যাক ট্রেভিস।

আর্জেন্টিনার ফুটবল ইতিহাসে মার্সিনিয়াকের উপস্থিতি বেশ ইতিবাচক। এটি দলটির ম্যাচে তার চতুর্থবারের মতো দায়িত্ব পালন এবং তার অধীনে এখন পর্যন্ত হারের কোনো রেকর্ড নেই ল্যাটিন আমেরিকার এ পরাশক্তির। ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপে আইসল্যান্ডের বিপক্ষে ১–১ গোলে ড্র হওয়া ম্যাচ দিয়ে আর্জেন্টিনার খেলায় প্রথম বাঁশি মুখে নিয়েছিলেন মার্সিনিয়াক। এরপর ২০২২ সালের কাতার বিশ্বকাপে তিনি লিওনেল মেসিদের আরও দুটি ম্যাচ পরিচালনা করেন। একটি ছিল শেষ ষোলোর লড়াইয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২–১ গোলের জয় এবং অন্যটি ফ্রান্সের বিপক্ষে সেই স্মরণীয় ফাইনাল। ফলে চেনা ও সৌভাগ্য বয়ে আনা এ রেফারিকে প্রথম ম্যাচেই পাওয়া আর্জেন্টিনার জন্য বড় একটি মানসিক স্বস্তি।

/এমএকে/