শিরোনাম

জার্মানিকে পিছনে ফেলে বিশ্বকাপে নতুন রেকর্ড আর্জেন্টিনার

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
জার্মানিকে পিছনে ফেলে বিশ্বকাপে নতুন রেকর্ড আর্জেন্টিনার
বিশ্বকাপে ‘অতিরিক্ত সময়ে’ খেলার রেকর্ড নিজেদের করে নিয়েছে আর্জেন্টিনা

টানটান উত্তেজনা আর নাটকীয়তায় ভরা ম্যাচে সুইজারল্যান্ডকে হারিয়ে ২০২৬ বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। কোয়ার্টার ফাইনালের এ রোমাঞ্চকর জয় আলবিসেলেস্তেদের শুধু শেষ চারে তোলেনি, একই সঙ্গে দলটিকে এনে দিয়েছে বিশ্বকাপ ইতিহাসের এক অনন্য কীর্তি। নকআউটের স্নায়ুচাপ সামলে ম্যাচ নিজেদের করে নেওয়ার যে চেনা গল্প আর্জেন্টিনার, সুইসদের বিপক্ষেও মাঠের লড়াইয়ে তার নিখুঁত পুনরাবৃত্তি দেখা গেল।

নির্ধারিত ৯০ মিনিটের খেলা ১-১ সমতায় শেষ হওয়ার পর, অতিরিক্ত সময়ে পা রাখতেই নতুন এক ইতিহাস লেখে লিওনেল স্কালোনির দল। এটি ছিল ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনার খেলা সর্বোচ্চ ১৩তম অতিরিক্ত সময়ের ম্যাচ, যার মাধ্যমে তারা জার্মানিকে টপকে এককভাবে এই বিশ্বরেকর্ডের মালিক হলো। এর আগে শেষ ষোলোর ম্যাচে কেপ ভার্দের বিপক্ষে খেলে জার্মানির ১২ বার অতিরিক্ত সময় খেলার রেকর্ডে ভাগ বসিয়েছিল ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। বিশ্বমঞ্চে সবচেয়ে বেশি অতিরিক্ত সময়ের ম্যাচ খেলার তালিকায় আর্জেন্টিনার পরেই রয়েছে জার্মানি (১২ বার), ইতালি (১১ বার) ও ফ্রান্স (১১ বার)।

তবে কেবল ম্যাচ খেলার সংখ্যাতেই নয়, অতিরিক্ত সময়ের সাফল্যের হারেও আলবিসেলেস্তেরা অনন্য। এ পর্যন্ত খেলা ১৩টি অতিরিক্ত সময়ের ম্যাচের মধ্যে ১১টিতেই সরাসরি কিংবা টাইব্রেকারে জয় নিয়ে মাঠ ছেড়েছে তারা। সুইজারল্যান্ডের বিপক্ষেও সে ধারাবাহিকতা বজায় রেখে অতিরিক্ত সময়ের ১১২ মিনিটে হুলিয়ান আলভারেজের চোখধাঁধানো গোলে আর্জেন্টিনা এগিয়ে যায়। এরপর ম্যাচের ১২১ মিনিটে লাউতারো মার্তিনেজ জাল খুঁজে নিলে ৩-১ ব্যবধানের জয় নিশ্চিত হয়। নকআউটের মঞ্চে ম্যাচ যত দীর্ঘ ও কঠিন হয়, আলবিসেলেস্তেরা যেন মানসিক দৃঢ়তায় ততই আত্মবিশ্বাসী হয়ে ওঠে, যা তাদের এনে দিল বিশ্ব ফুটবলের এই নতুন রেকর্ড।

/এমএকে/