মালদ্বীপকে হারিয়ে সেমিফাইনালে পাকিস্তান

সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক
সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক
মালদ্বীপকে হারিয়ে সেমিফাইনালে পাকিস্তান
মালদ্বীপ ও পাকিস্তান ম্যাচে বল দখলের লড়াই

পাকিস্তান ফুটবল দল এখন আগের চেয়ে বেশ শক্তিশালী। ভারতের বিপক্ষে লড়াই করে হেরেছিল তারা। এবার দুই বারের শিরোপাজয়ী মালদ্বীপকে হারিয়ে সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে উঠলো পাকিস্তান।

রবিবার (৮ নভেম্বর) জাতীয় স্টেডিয়ামে বিকেলের ম্যাচে পাকিস্তান জিতেছে ৩-০ ব্যবধানে।

গ্রুপে প্রতি দল খেলবে দুটি করে ম্যাচ। দুই ম্যাচ শেষে পাকিস্তানের পয়েন্ট ৩ এবং গোলব্যধান +২। ভারতের এক ম্যাচে ৩ পয়েন্ট আর +১ গোল ব্যবধান। ১১ নভেম্বর গ্রুপের শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও মালদ্বীপ।

ওই ম্যাচে মালদ্বীপ ৩ গোলে জিতলে মালদ্বীপের গোল ব্যবধান হবে +০। তবে এটি ঘটলে ভারতের গোল ব্যবধান হবে -২। তখন তিন দলের পয়েন্ট সমান হলেও গোল ব্যবধানে এগিয়ে থেকে পাকিস্তান সেমিতে যাবে। বাইলজ আর গাণিতিক হিসেবে পাকিস্তানের সেমিফাইনাল নিশ্চিত। তবে গ্রুপ পর্ব শেষ হওয়ার আগে আনুষ্ঠানিক বিবৃতি দেবে না সাফ টুর্নামেন্ট কর্তৃপক্ষ।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে প্রথমার্ধেই পাকিস্তান তিন গোল দেয়। দ্বিতীয় মিনিটে নিজেদের ডি-বক্সে মিকাইল অরুণ আব্দুল্লাহকে ফাউল করেন মালদ্বীপের ডিফেন্ডার মোহাম্মদ নাঈম। পেনাল্টি থেকে গোল করে পাকিস্তানকে এগিয়ে নেন আব্দুল্লাহ।

নবম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে পাকিস্তান। বক্সের এক প্রান্ত থেকে নিশানাভেদ করেন নজিব উল্লাহ। ২৪ মিনিটে মালদ্বীপের অভিজ্ঞ ডিফেন্ডার আমদান আলীর ভুলের সুযোগে ব্যবধান আরও বাড়ান এই ফরোয়ার্ড। দ্বিতীয়ার্ধে গোল না পেলেও খেলায় আধিপত্য ছিল পাকিস্তানের।

/টিই/