শিরোনাম

পঞ্চম বিশ্বকাপ খেলতে যাচ্ছেন ৩৯ বছরের নাগাতোমো

সিটিজেন স্পোর্টস ডেস্ক
পঞ্চম বিশ্বকাপ খেলতে যাচ্ছেন ৩৯ বছরের নাগাতোমো
ইউতো নাগাতোমো।

২০২৬ ফুটবল বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের দল ঘোষণা করেছেন জাপানের কোচ হাজিমে মরিয়াসু। জাপানের বিশ্বকাপ দলে আছেন আর্সেনালের সাবেক ডিফেন্ডার তাকেহিরো তোমিয়াসু। অথচ ইনজুরির কারণে গেল দুই বছর জাতীয় দলের জার্সি গায়ে জড়াননি তিনি। এছাড়া সুযোগ পেয়েছেন ৩৯ বছর বয়সী ডিফেন্ডার ইউতো নাগাতোমো। এটি হবে নাগাতোমোর পঞ্চম বিশ্বকাপ।

প্রথম এশিয়ান ফুটবলার হিসেবে টানা পাঁচটি বিশ্বকাপে খেলার কীর্তি গড়তে যাচ্ছেন নাগাতোমো।

এদিকে, ব্রাইটনে হয়ে খেলা মিডফিল্ডার কাউরু মিতোমা হ্যামস্ট্রিং ইনজুরির জন্য বিশ্বকাপ দলে জায়গা পাননি। চলতি মাসের শুরুতে উলভারহ্যাম্পটনের বিপক্ষে ম্যাচে চোট পান তিনি। দলে থাকা সেন্ট্রাল ডিফেন্ডার তাকেহিরো তোমিয়াসু জাপান জাতীয় দলে সর্বশেষ খেলেছেন ২০২৪ সালে সিরিয়ার বিপক্ষে।

তাকেহিরোকে রাখার বিষয়ে কোচ মোরিয়াসু বলছেন, ‘কৌশলগত কারণে তিনি সাম্প্রতিক অফিসিয়াল ম্যাচগুলো না খেললেও, আমাদের মেডিক্যাল বিভাগ নিশ্চিত করেছে যে তাকে নিয়ে দুশ্চিন্তার কারণ নেই। বিশ্বকাপের আগে নিজের অবস্থা পর্যালোচনারও সুযোগ পাবে সে, সেজন্য তাকে রাখা হয়েছে।’

২০২২ বিশ্বকাপে স্পেন, জার্মানিকে পেছনে ফেলে জাপান গ্রুপেসেরা হয়েছিল। শেষ ষোলোতে তারা টাইব্রেকারে হেরেছিল ক্রোয়েশিয়ার কাছে।

আগামী ১১ জুন থেকে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় বিশ্বকাপের ২৩তম আসর বসবে। ‘এফ’ গ্রুপে জাপানের প্রতিপক্ষ নেদারল্যান্ডস, তিউনিসিয়া ও সুইডেন।

জাপানের স্কোয়াড

গোলরক্ষক: জিওন সুজুকি, তোমোকি হায়াকাওয়া, কেইসুকে ওসাকো।

ডিফেন্ডার: ইউতো নাগাতোমো, শোগো তানিগুছি, কো ইতাকুরা, সুয়োশি ওয়াতানাবে, তাকেহিরো তোমিয়াসু, হিরোকি ইতো, আয়ুমু সেকো, ইউকিনারি সুগাওয়ারা, জুনোসকে সুজুকি। মিডফিল্ডার-ফরোয়ার্ড: ওয়াতারু ইন্দো, জুনিয়া ইতো, দাইছি কামাদা, কোকি ওগাওয়া, দাইজেন মায়েদা, রিতসু দোয়ান, আয়াসে উয়েদা, আও তানাকা, কেইতো নাকামুরা, কাইশু সানো, তাকেফুসা কুবো, ইউইতো সুজুকি, কেনতো শোইগাই, কেইসুকে গোতো।

/টিই/